
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুর উপজেলার ঐতিহ্যবাহী রাকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক আব্দুর রহিম তুহিন। রোববার (২৩ আগস্ট ২০২৬) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে বিষয়টি জানা গেছে। তাঁর সভাপতি নির্বাচিত হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
আব্দুর রহিম তুহিন নিজেও এ বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী। ১৯৮৮ সালে রাকসা উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সক্রিয়ভাবে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মুক্তিযোদ্ধা জিয়া হল শাখার সাবেক ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
শিক্ষাজীবন শেষে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন তুহিন। বর্তমানে তিনি নাটোর জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সদস্য সচিব, নাটোর জেলা সমিতি ঢাকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং লালপুর উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাকসা উচ্চ বিদ্যালয়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা ও সাবেক শিক্ষার্থী হিসেবে অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
সভাপতি নির্বাচিত হওয়ায় রাকসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে আব্দুর রহিম তুহিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৬-০২