| |

শিরোনাম
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে মতি মিয়া ফাউন্ডেশনের সাফল্য আনন্দ-শিক্ষা ও মানবিকতার পাঠ নিয়ে ব্যতিক্রমী শিক্ষা সফর ব্যবসায়ীদের জন্য ১২শ শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার লালপুরে প্রতারণার নিত্যনতুন ফাঁদ, মূল টার্গেট প্রবাসীরা লালপুরে আ.লীগ ও যুবলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার পদ্মা কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়ার জন্মদিনে শুভেচ্ছা ও তারুণ্যের প্রত্যাশা নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসবে দেশি-বিদেশি কবিদের মিলন মেলা বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী কৃষকের

আনন্দ-শিক্ষা ও মানবিকতার পাঠ নিয়ে ব্যতিক্রমী শিক্ষা সফর

নিজস্ব প্রতিবেদক:

ইতিহাস-ঐতিহ্য দর্শন, বিজ্ঞান-প্রযুক্তির সঙ্গে পরিচয়, কুইজ প্রতিযোগিতা, পরিবেশ সচেতনতা ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় আয়োজন—সব মিলিয়ে ব্যতিক্রমী এক শিক্ষা সফরের আয়োজন করেছে নাটোরের লালপুর উপজেলার বড়বাদকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গত ২১ নভেম্বর আয়োজিত এ শিক্ষা সফরে শিক্ষার্থীরা পরিদর্শন করে রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ি, কুষ্টিয়ার লালন শাহের মাজার, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পাকশীর ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ। আনন্দের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিক মূল্যবোধ বিকাশই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

শিক্ষা সফরকে আরও অর্থবহ করতে ভ্রমণের আগেই চারটি দর্শনীয় স্থান সম্পর্কে শিক্ষার্থীদের তথ্যবহুল ভিডিও দেখানো হয় এবং আলোচনা করা হয়। শিক্ষার্থীরাও পাঠ্যবই ও অনলাইন থেকে স্থানগুলোর ইতিহাস, ঐতিহ্য ও বিজ্ঞান-প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। পরে প্রতিটি স্থান নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।

সফরে পরিবেশ সচেতনতার বিষয়টিও গুরুত্ব পায়। সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা শেষে শিক্ষার্থীরা নিজেরাই আবর্জনা সংগ্রহ করে বড় পলিব্যাগে রাখে এবং নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে। এর মাধ্যমে পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধের শিক্ষা দেওয়া হয়।

শিক্ষক ও অভিভাবকদের সম্পৃক্ত করতে পুরুষ অভিভাবকদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ এবং নারী অভিভাবকদের জন্য বালিশ খেলার আয়োজন করা হয়। এতে শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানের আবেগঘন পর্বে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। এ সময় তাদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এসব উপকরণের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন বিদ্যালয়ে ডেপুটেশনে কর্মরত সহকারী শিক্ষক মোছাঃ রাবিয়া বশরী।

এ উপলক্ষে অতিথিদের বিদ্যালয়ের নাম ও লোগোসংবলিত মগ উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস সুলতানা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, বিলমাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ মিন্টু ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ মজিবর রহমান।

বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ নাসিমা খাতুন। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। তিনি ২০২৬ সালে লালপুর উপজেলা ও নাটোর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন। পাশাপাশি রাজশাহী বিভাগীয় পর্যায়ের গুণী শিক্ষক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন।

বিদ্যালয়ের শিক্ষকদের সম্মিলিত পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টায় আয়োজিত এ শিক্ষা সফর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন আয়োজন শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা, পরিবেশ সচেতনতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.