
নিজস্ব প্রতিবেদক।। লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ছোট বিলশলিয়া গ্রামের ফজলুর রহমান ওরফে সোনা মাস্টারের ছেলে মো. সাইফুল ইসলাম (৫০), গোপালপুর পৌর যুবলীগের সাবেক সদস্য ও গোপালপুর বাজার এলাকার কাজী জয়নুল আবেদীনের ছেলে মো. আনোয়ারুল আজিম বাপ্পি (৫১), উপজেলা যুবলীগের সদস্য ও বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মৃত এছার উদ্দীন মণ্ডলের ছেলে মো. শামীম আহমেদ (৫০) এবং বালিতিতা মহেশপুর গ্রামের আলাউদ্দীন সরদারের ছেলে মো. ইব্রাহিম সরদার শুকুর (৫৬)।
লালপুর থানা সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাইফুল ইসলাম ও আনোয়ারুল আজিমকে এবং ১৮ নভেম্বর দায়ের করা অপর একটি মামলায় শামীম আহমেদ ও ইব্রাহিম সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।