| |

আগুনে পুড়ে নিঃস্ব পরিবারের পাশে চেয়ারম্যান রনজু

নিজস্ব প্রতিবেদক।। একসময় যে ঘরগুলো ছিল সুখ-স্বপ্ন আর সাজানো সংসারের ঠিকানা, মুহূর্তের আগুনে সেগুলোই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পুড়ে গেছে ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার, মোটরসাইকেল, নগদ টাকাসহ জীবনের প্রয়োজনীয় সবকিছু। এখন মাথা গোঁজার ঠাঁই আর পরনের কাপড় ছাড়া সম্বল বলতে কিছুই নেই। চোখের সামনে সাজানো সংসার পুড়ে ছাই হয়ে যাওয়ার এই নির্মম বাস্তবতায় দিশেহারা নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামের বুদু মন্ডলের পরিবার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সরোজমিনে গিয়ে পরিবারটির এমন দুর্দিনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ২০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা তুলে দিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নবীনগর এলাকার বুদুর বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির তিনটি ঘরে। আগুনের লেলিহান শিখায় একে একে পুড়ে যায় ঘরে থাকা দুই ভরি স্বর্ণালংকার, ১৫০ সিসির একটি মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, আসবাবপত্র, নগদ চার লাখ টাকাসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল।
খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুন কেড়ে নিয়েছে পরিবারটির দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা সংসারের প্রায় সব সম্বল। পরিবারের দাবি, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।
পরিবারটির সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন—কীভাবে আবার নতুন করে ঘুরে দাঁড়াবে তারা? কীভাবে ফিরবে স্বাভাবিক জীবনে ? একদিকে মাথার ওপর নিরাপদ ছাদের অভাব, অন্যদিকে নতুন করে সংসার গোছানোর দুশ্চিন্তা। এমন পরিস্থিতিতে পরিবারটির অসহায়ত্বের খবর পেয়ে পাশে দাঁড়ান ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু । তিনি তাৎক্ষণিকভাবে পরিবারের হাতে ২০ হাজার টাকা নগদ সহায়তা তুলে দেন।
চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু বলেন, বিষয়টি আমি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে জানালে তিনি তাৎক্ষণিক অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেন।
তিনি আরো বলেন “আগুনে একটি পরিবারের সাজানো সংসার পুড়ে ছাই হয়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। এমন বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব। আমার সামর্থ্য অনুযায়ী তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সহায়তা করেছি। এই অর্থ তাদের ক্ষতি পূরণ করতে পারবে না, তবে দুঃসময়ে কিছুটা হলেও কাজে আসবে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের প্রতি আহ্বান জানাই, অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ান। সম্মিলিত সহযোগিতায় পরিবারটি যেন আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে।
চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। তবে শুধু তাৎক্ষণিক আর্থিক সহায়তা নয়, আগুনে সর্বস্ব হারানো পরিবারটির স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রয়োজন দীর্ঘমেয়াদি সহযোগিতা।

সম্পাদনায়: আ.স/প্রাপ্তি প্রসঙ্গ/তারিখ-১৯/১১/২০২৬

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.