
নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নাটোরের লালপুরে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় উপজেলার ১০টি ইউনিয়নে পৃথকভাবে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা।
প্রতিটি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রা সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকার সড়ক ও জনপদ।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলার লালপুর, ঈশ্বরদী, চংধুপইল, আড়বাব, বিলমাড়ীয়া, দুয়ারিয়া, ওয়ালিয়া, দুড়দুড়ীয়া, অর্জুনপুর-বরমহাটি ও কদিমচিলান ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিটি ইউনিয়নে স্থানীয় নেতারা কর্মসূচিতে নেতৃত্ব দেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এবং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজুসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
দলীয় নেতাকর্মীরা জানান, দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ কর্মসূচি পালন করা হয়েছে।