
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের কথিত গোপন বৈঠক ও কর্মসূচির ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাতে নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজল রায়ের ফেসবুক ওয়ালে এসব ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। তবে পুলিশের দাবি, ছবি-ভিডিওগুলো সাম্প্রতিক নাকি পুরোনো, তা যাচাই করা হচ্ছে।
ফেসবুকে প্রকাশিত পোস্টে ‘নেত্রীর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের সংগ্রামের জন্য প্রস্তুত লালপুর উপজেলা ছাত্রলীগ’ উল্লেখ করে বলা হয়, ‘এত খারাপ সময়ের মধ্যেও তোমরা একত্রিত হয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে পেরেছো, সেজন্য ধন্যবাদ।’ পোস্টের সঙ্গে একদল যুবকের বৈঠকের কয়েকটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করা হয়।
এ ছাড়া গত ১৫ জুন উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের একটি কথিত বৈঠকের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে।
তবে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর বিষয়ে ভিন্ন দাবি করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও সম্পর্কে তিনি কিছু জানেন না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা কোনো কর্মসূচি পালন করছেন না। দীর্ঘদিন ধরে উপজেলায় ছাত্রলীগের কোনো কমিটিও নেই। ছাত্রলীগের নামে কারা, কখন ও কোথায় কর্মসূচি পালন করেছে, তার কোনো ভিত্তি নেই।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজল রায় দাবি করেন, ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও গত শনিবার রাতের। ওই বৈঠকে উপস্থিত থাকার দাবি করে ছাত্রলীগ কর্মী শাহীদ আলী বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। শনিবার সন্ধ্যা ৭টার দিকে লালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তিনি বলেন, ‘আমরা একতাবদ্ধ আছি। সময় হলে প্রকাশ্যে কর্মসূচি পালন করা হবে।’
এদিকে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট তার ফেসবুক পোস্টে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কেউ কোনো ধরনের তৎপরতা চালালে বা আইন অমান্য করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কঠোরভাবে দমন করবে এবং আইনের আওতায় আনা হবে।
লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন কোনো কর্মসূচি পালন করলে প্রশাসন ব্যবস্থা নেবে। বিএনপি প্রশাসনকে সহযোগিতা করবে। পাশাপাশি রাজনৈতিকভাবে তাদের নাশকতামূলক ও জঙ্গি তৎপরতা প্রতিরোধ করা হবে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আগের কোনো ছবি নতুন করে ফেসবুকে দেওয়া হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।’
পুলিশের এই বক্তব্যের পর এখন আলোচনার কেন্দ্রে রয়েছে—ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলো কবে, কোথায় এবং কী উদ্দেশ্যে ধারণ করা হয়েছিল। বিষয়টি যাচাই শেষে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সেটিই দেখার বিষয়।