| |

শিরোনাম
‘আমাদের কন্যারা মহাকালের বুক জুড়ে তাঁদের অস্তিত্ব জানান দিয়ে যাক প্রতিদিন-প্রতি মুহুর্তে’ মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ফারুক মেহেদী বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত লালপুরে রাধাকান্তপুর স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির পরিচিত সভা ও বরণ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু পদ্মার চরাঞ্চলে পুলিশের যৌথ অভিযান: লালপুরে গ্রেপ্তার ১৩ বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকী পালন বড়াইগ্রামে সালিশী বৈঠকে ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্চিত প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি

‘আমাদের কন্যারা মহাকালের বুক জুড়ে তাঁদের অস্তিত্ব জানান দিয়ে যাক প্রতিদিন-প্রতি মুহুর্তে’

‘আমাদের কন্যারা মহাকালের বুক জুড়ে তাঁদের অস্তিত্ব জানান দিয়ে যাক প্রতিদিন-প্রতি মুহুর্তে’
-ফারজানা শারমীন পুতুল:
বহুদিন পর একলা ট্রাভেল করছি নাযাহকে নিয়ে। ম্যানিলা কনফারেন্স শেষে এখন দেশের পথে। কানেক্টিং ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকার টিকেট না পাওয়ায় ওর বাবা কিছু কাজ শেষ করতে মালয়শিয়া থেকে গেলো। ডাক্তারের নির্দেশে এখনো কিছুটা সাবধানে চলাফেরা করতে হয় আমাকে।ভারি কিছু উঠানো নিষেধ।এয়ারপোর্টে চেক-ইন, বোর্ডিং এবং লাগেজ ক্যারি সব কাজ-ই সে আমার হাত থেকে কেড়ে নিয়ে করতে চায়। ভারি ব্যাগ প্যাক উঠাতে গিয়ে তার ধমক ও খেলাম একবার।
আজ থেকে বছর দশেক আগে কোন এক শীতের দুপুরে বিক্ষিপ্ত মনে আমার দেড় বছরের নাযাহকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম। ভীষন জ্বরে মেয়েটা কাবু হয়ে বুকের মাঝে লেপটে ঘুমিয়ে ছিলো। ২০১৬ সালে আব্বুর চলে যাওয়া আমার এবং আমাদের জীবনকে ভীষণ কঠিন পরীক্ষার মাঝে ফেলে দিয়েছিলো।প্রতিদিনের ভেঙে পড়া আর উঠে দাঁড়ানোর পাওয়ার হাউজ হয়ে আমার শক্তি যুগিয়ে যেতো তখন এই ছোট্ট প্রাণটি। যার বুকে কান পেতে আমি হৃদস্পন্দন শুনতাম। আর ভাবতাম, ঘরের বাইরের এই কঠিন পৃথিবীর জন্য ওকে গড়ে তুলতে হবে।
ঢাকা পৌঁছে বাসায় যেতে মাঝ রাত পার হয়ে যাবে। রোববার সকাল ৯:৩০ টায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবসের সরকারি অনুষ্ঠানসহ বেশ কিছু আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করতে হবে। সারা বিশ্ব পালন করবে বিভিন্ন আয়োজনে, প্রতিপাদ্য নিয়ে আলোচনা হবে।আমাদের কন্যারা তাঁদের স্বকীয়তা নিয়ে, তাঁদের নিজস্বতা নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে বেড়ে উঠুক- সেই প্রত্যয় ব্যক্ত হবে সভায়, সেমিনারে, মঞ্চে। অথচ চোখ বুজে যখন তনু, আছিয়া, রামিসা আর তাজমিনদের কথা ভাবি তখন কেমন যেন দম বন্ধ হয়ে আসে।তাঁদের জন্য নিরাপদ দেশ আমরা দিতে পারিনি এখনো, এ আমাদের চরম ব্যর্থতা। আগুন লাগলে দেবালয় এড়ানো যায় না।একটি নিরাপদ, বাসযোগ্য পৃথিবী গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টা আজ সময়ের সব থেকে বড় দাবি।
মুঠোফোন থেকে চোখ তুলে পাশে তাকিয়ে দেখি নাযাহ তাকিয়ে আছে আমার দিকে। গম্ভীরভাবে জিজ্ঞেস করলো কি করছো অন্ধকারে? আমি হেসে বললাম ‘তোমাকে নিয়ে লিখছি’। কিছুটা অবাক হলো। বললাম আজ কন্যা শিশুদিবস, তাই তোমাকে নিয়ে লিখতে ইচ্ছে হলো। তার প্রশ্ন, ‘এক দিনের জন্যই লিখবে?’ কি গভীর এক জিজ্ঞাসা কত অবলীলায় ছুঁড়ে দিলো সে! স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ!
একটি দিবস নয়, আমাদের কন্যারা মহাকালের বুক জুড়ে তাঁদের অস্তিত্ব জানান দিয়ে যাক প্রতিদিন-প্রতি মুহুর্তে।
কিছুক্ষন চুপ থেকে জিজ্ঞেস করলাম, রাতের ওষুধ খেয়েছি? কয়েক সেকেন্ড সময় নিয়ে সে মুচকি হেসে বললো, ‘হ্যাঁ খেয়েছো’…..!


প্রতি বছর ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। দিবসটি ঘিরে বিভিন্ন দেশে নানান আয়োজন থাকে। বিশেষ করে কন্যাশিশুদের স্বাস্থ্য, শিক্ষাসহ তাদের মৌলিক অধিকার নিশ্চিতে সভা-সেমিনারের আয়োজন করা হয় দেশে দেশে।
২০২৬ সালের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘এন্ড চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইনভেস্ট ইন গার্লস রাইটস’। অর্থাৎ, ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’।প্রতিপাদ্যটির তাৎপর্য এখানেই যে, কন্যাশিশুর সুরক্ষাকে শুধু ক্ষতিকর একটি প্রথা বন্ধ করার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। বরং শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, নিরাপত্তা, নেতৃত্ব এবং নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে একই আলোচনার অংশ করা হয়েছে।
আন্তর্জাতিকভাবে কন্যাশিশু দিবস পালনের মূল লক্ষ্য হলো কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, লিঙ্গবৈষম্য দূর করা এবং তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে উৎসাহিত করা।
২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে দিবসটি ঘোষণা করা হয়। ২০১২ সালের ১১ অক্টোবর থেকে দিবসটি বিশ্বব্যাপী পালন করা হচ্ছে।
* ফারজানা শারমীন পুতুল: ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.