
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং)
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এ্যান্ড কলেজে আয়োজিত ‘শিক্ষা-সাহিত্য, বিজ্ঞানমেলা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’ পরিদর্শন করেছেন নাটোরের সম্মানিত জেলা প্রশাসক (ডিসি) মোছাঃ সুমনী আক্তার।
এ উপলক্ষে বৃস্পতিবার (১৫ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক এবং প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর।
শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলা প্রশাসক বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি কলেজ শাখার শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার সমন্বয়ে তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে প্রকল্পগুলোর কার্যক্রম ও ব্যবহারিক উপযোগিতা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কতা, সৃজনশীল চিন্তাভাবনা, উদ্ভাবনী দক্ষতা ও সাহিত্যচর্চার প্রতি উৎসাহ প্রদান করেন। তিনি পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞান চর্চা, গবেষণা, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
এ সময় জেলা প্রশাসক সেন্ট যোসেফস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শংকর ডমেনিক গোমেজ জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক-২০২৬’ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা অর্জন করায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ও সাফল্যের প্রশংসা করে জেলা প্রশাসক ভবিষ্যতেও শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এ ছাড়া জেলা প্রশাসক বনপাড়ায় একটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।