
নিজস্ব প্রতিবেদক:
নারী কণ্ঠে কথা বলে এক প্রবাসীর সঙ্গে প্রতারণার অভিযোগে নাটোরের লালপুরে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি ফোনে এক বাংলাদেশি প্রবাসীর সঙ্গে ভিডিও কলে কথোপকথনের একটি ভিডিও ক্লিপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেলে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে সোপর্দ করা হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার পানসিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পানসিপাড়া গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে মো. আল-আমিন আলী (২২) ও মো. শহিদুল ইসলামের ছেলে মো. রাজিব আলী (২৬)। আল-আমিনের বাড়ির একটি টিনশেড ভবনের ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুজন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে জব্দ করা তিনটি মোবাইল ফোনের একটিতে এক প্রবাসীর সঙ্গে ভিডিও কলে কথোপকথনের একটি ক্লিপ পাওয়া গেছে। নারী কণ্ঠ ব্যবহার করে প্রতারণার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে ওই ভিডিও ক্লিপের সঙ্গে প্রতারণার সংশ্লিষ্টতা কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের আইডি হ্যাকিং ও প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা ফোনের তথ্য-উপাত্ত যাচাই করে প্রতারণার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।