| |

রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম ইউএনও-র 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুর বাজারের রাস্তার ওপর বসানো দোকানপাট ও ফুটপাতের অবৈধ দখল সরাতে ব্যবসায়ীদের কঠোর আল্টিমেটাম দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত না করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন তিনি। প্রয়োজনে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন। একই সঙ্গে রাস্তার ওপর ছোট ছোট যানবাহন দাঁড় করিয়ে যানজট সৃষ্টি না করার জন্য চালকদেরও সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার লালপুর বাজারে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে সতর্কতামূলক অভিযান ও আলোচনা সভায় এসব কথা বলেন ইউএনও।

এ সময় ইউএনও কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, রাস্তা ও ফুটপাত কোনো ব্যক্তি বা ব্যবসায়ীর ব্যক্তিগত সম্পত্তি নয়। এগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য। রাস্তার ওপর দোকান বসিয়ে কিংবা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার কোনো সুযোগ নেই। সবাইকে নির্ধারিত জায়গার মধ্যে ব্যবসা পরিচালনা করতে হবে। আমরা ব্যবসায়ীদের বিষয়টি বুঝিয়ে বলছি এবং দখল সরিয়ে নেওয়ার জন্য সময় দিচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে দখলমুক্ত না করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বাজারের যানজট নিরসনে ব্যবসায়ী, যানবাহন চালক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে। রাস্তার ওপর যত্রতত্র ছোট যানবাহন দাঁড় করিয়ে রাখা যাবে না। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়-এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

আলোচনা সভায় ব্যবসায়ী ও বণিক সমিতির নেতাদের সঙ্গে বাজারের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করা হয়। বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় সমস্যার স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেন প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ, লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফুল আলম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, লালপুর বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্য ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.