| |

বই পড়ুন, চিন্তা করুন, সৃষ্টিশীল হোন

নিজস্ব প্রতিবেদক:

‘সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয়, মানুষ করে তোলে। বই পড়ুন, চিন্তা করুন, সৃষ্টিশীল হোন-সমৃদ্ধ হোক মানবসমাজ’ এই স্লোগানকে সামনে রেখে নাটোরের লালপুরে সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) উপজেলার চন্ডিগাছা বাজারসংলগ্ন ‘অবসর পল্লী’ (সাদেক স্যারের বাগান) প্রাঙ্গণে এ সাহিত্য উৎসবের আয়োজন করা হয়।

সাপ্তাহিক শহীদ সাগর পত্রিকার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও সাহিত্যপ্রেমীরা অংশগ্রহণ করেন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সাপ্তাহিক শহীদ সাগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট লেখক ও গবেষক সাদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক আনসার-ভিডিপি কর্মকর্তা মো. আজিজুর রহমান শাজাহান, শ্যামল কিশোর পাল , সাংবাদিক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, সাহিত্যিক ঋপণ প্রামাণিক, প্রাকীতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা পাঠ ও আবৃত্তির মাধ্যমে নিজেদের সৃষ্টিশীলতা তুলে ধরে কবিতা আবৃত্তিতে মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।

স্বরচিত কবিতা আবৃত্তি করেন আব্দুর রশিদ মাস্টার, মনির জামান, শিক্ষক শফিকুল ইসলাম, মলয় বাগচী, রবি বাঙালি, মনিরুজ্জামান, আওয়াল সরকারসহ অর্ধ-শতাধিক কবি। গান পরিবেশন করেন ইসলামপুর আশ্রমের পরিচালক সাখাওয়াত হোসেন সাধু, বাউল সাধক আতাউর রহমান প্রমুখ।

এছাড়া সাহিত্য উৎসবে এলাকার বিশিষ্টজন জন ছাড়াও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অশীতিপর বৃদ্ধ কবি যোগেশ ভৌমিক এবং বৃদ্ধ কবি সাদিকুর রহমানকে সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোয়ারা মেরী ও মঞ্জুর রহমান মিঠু।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে বই পড়া, সাহিত্যচর্চা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানো এবং কবি-সাহিত্যিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি গড়ে তোলা-ই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.