| |

বনপাড়া ও লক্ষ্মীকোল কেন্দ্রে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর), মোঃ আশরাফুল ইসলাম।।

নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পরিচালনায় বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বনপাড়া আঞ্চলিক কমিটির আয়োজনে বনপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এবং লক্ষ্মীকোল উপকেন্দ্রে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় পরীক্ষা কমিটির পক্ষ থেকে হল ম্যাজিস্ট্রেট প্রশ্নপত্র নিয়ে আসেন এবং চারটি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিবের কাছে পৌঁছে দেন। তিনি পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। তিনি পরীক্ষা কেন্দ্রের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে।’

বনপাড়া পরীক্ষা কেন্দ্রের সচিব মোঃ আব্দুল মমিন বলেন, ‘এবারের বৃত্তি পরীক্ষায় বনপাড়া কেন্দ্রে ৬৭৮ জন এবং লক্ষ্মীকোল উপকেন্দ্রে ২৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। দুই কেন্দ্রে সর্বমোট ৯৬৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

তিনি আরো বলেন ‘এই বৃত্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে সরকারি কোনো অনুদান বা সহযোগিতা ছাড়াই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। অথচ বৃত্তি পরীক্ষায় উপজেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এরাই দেশের ভবিষ্যৎ এদেরকে উৎসাহিত করতে হবে এবং মূল্যায়ন করলেই দেশ এগিয়ে যাবে।’

পরীক্ষা কেন্দ্রের হল সুপার বনপাড়া কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নাজমুল ইসলাম বলেন, ‘পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ শিক্ষার্থীদের সাথে আগত সম্মানিত অভিভাবকদের কেন্দ্রের বাইরে সুশৃংখলভাবে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.