
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের যানজট, সড়ক ও ফুটপাত দখল আর জনদুর্ভোগের চিত্র বদলাতে সম্মিলিত উদ্যোগে এগিয়ে এসেছেন নাটোরের লালপুর বাজারের ব্যবসায়ীরা। সড়কের ওপর থেকে দোকানপাট সরিয়ে নির্ধারিত স্থানে স্থানান্তর করে বাজারকে সুশৃঙ্খল রাখতে তাঁদের এ উদ্যোগের স্বীকৃতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও উৎসাহ জানিয়ে তিনি পাঠিয়েছেন ১ হাজার ২০০টি শুভেচ্ছা কার্ড। জনপ্রতিনিধির কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে আনন্দিত ও অনুপ্রাণিত স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের মতে, ভালো কাজের স্বীকৃতি শুধু সংশ্লিষ্টদের নয়, অন্যদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করে।
দীর্ঘদিন ধরে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের লালপুর ত্রিমোহিনী চত্বরসহ বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং যানবাহনের অবাধ চলাচলে সৃষ্টি হতো তীব্র যানজট। এতে ক্রেতা, পথচারী ও যাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো। এ পরিস্থিতি বদলাতে উপজেলা প্রশাসন, পুলিশ, বাজার বণিক সমিতি ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে উদ্যোগ নেন। সড়কের ওপর থেকে দোকান সরিয়ে নির্ধারিত স্থানে স্থানান্তর করায় বাজারের পরিবেশে এসেছে দৃশ্যমান পরিবর্তন, স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের চলাচলে।
ব্যবসায়ীদের উদ্দেশে পাঠানো শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন বলেন, লালপুর বাজারকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও জনবান্ধব রাখতে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে সড়কের ওপর থেকে নির্ধারিত স্থানে দোকান স্থানান্তর করেছেন। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচ্ছন্ন ও সুন্দর বাজার গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের এ স্বতঃস্ফূর্ত ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তাঁদের এ ইতিবাচক পদক্ষেপে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে, বাজারের পরিবেশেও পরিবর্তন এসেছে। বাজারকে আদর্শ, আধুনিক ও মডেল হিসেবে গড়ে তুলতে স্থায়ী দোকানদারসহ সবার সহযোগিতা প্রয়োজন। ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্যের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে তাঁদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে ব্যক্তিগত ও সরকারি পর্যায়ে পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বাজারের ব্যবসায়ীদের হাতে এসব শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু, মেহেদী হাসান লিটন ও ইসাহক আলী, বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ সমিতির সদস্যরা।
বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, প্রতিমন্ত্রীর পাঠানো ১ হাজার ২০০টি শুভেচ্ছা কার্ড রোববার দুপুর থেকে বিতরণ শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বাজারের সব ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এসব কার্ড পৌঁছে দেওয়া হবে।
কার্ড পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে বাজার বণিক সমিতির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. মাজদার হোসেন বলেন, ‘কোনো ভালো কাজের স্বীকৃতি পেলে সেই কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ আরও বেড়ে যায়। এতে শুধু যাঁরা কাজ করেছেন, তাঁরাই উৎসাহিত হন না; অন্যরাও ভালো কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত হন। প্রতিমন্ত্রীর এ শুভেচ্ছা কার্ড আমাদের জন্য সম্মান ও উৎসাহের বিষয়।’
বাজারের প্রবীণ মুদি ব্যবসায়ী আনন্দ কুমার বলেন, ‘মন্ত্রীর পাঠানো শুভেচ্ছা কার্ডটি পড়ে খুব ভালো লেগেছে। ব্যবসায়ীদের প্রতি তাঁর এমন আন্তরিকতা ও সৌজন্যবোধে আমরা আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি।’
বাজারের এ পরিবর্তনে উপজেলা প্রশাসন, পুলিশ ও ব্যবসায়ী নেতাদের সমন্বিত ভূমিকা রয়েছে। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার বণিক সমিতি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘদিনের সমস্যা সমাধানে অগ্রগতি এসেছে।
বাজারের সবজি ব্যবসায়ী শাহীন বলেন, ‘মন্ত্রী ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগে সড়ক থেকে ব্যবসায়ীরা নির্ধারিত স্থানে ফিরে আসায় বাজারে শৃঙ্খলা ফিরেছে, কমেছে যানজট। এতে ব্যবসার পরিবেশও আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এখন ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে বাজারে আসতে পারছেন। মন্ত্রীর পাঠানো শুভেচ্ছা কার্ড পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আমাদের প্রতি তাঁর এই আন্তরিকতা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।’
লালপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, ‘দীর্ঘদিনের যানজট নিরসনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিনের নির্দেশনা, উপজেলা ও পুলিশ প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা এবং ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় লালপুর বাজারে শৃঙ্খলা ফিরেছে। দীর্ঘদিনের এ সমস্যার সমাধান বর্তমান সরকারের একটি উল্লেখযোগ্য সাফল্য। এ পরিবর্তনে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে, বাজারকে সুশৃঙ্খল রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনকারী ব্যবসায়ীদের সম্মান জানিয়ে প্রতিমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পাঠানোর উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। ভালো কাজের এমন স্বীকৃতি সংশ্লিষ্টদের উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতেও জনস্বার্থে সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দিকনির্দেশনায় ত্রিমোহিনী চত্বরসহ লালপুর বাজারের যানজট নিরসন এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করেছে। এ উদ্যোগ বাস্তবায়নে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করেছে। বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পুলিশের এ সহযোগিতা অব্যাহত থাকবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, ‘সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিনের নির্দেশনায় লালপুর বাজারকে যানজটমুক্ত ও দখলমুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি), লালপুর থানার ওসি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার বণিক সমিতি ও ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় বাজারে ইতিবাচক পরিবর্তন এসেছে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। বাজারের এ সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, ‘লালপুর বাজারকে যানজটমুক্ত, দখলমুক্ত ও সুশৃঙ্খল রাখতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীরা যে আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। দীর্ঘদিনের একটি সমস্যা সমাধানে সবার সম্মিলিত প্রচেষ্টা ইতিবাচক পরিবর্তন এনেছে। এ কাজে ব্যবসায়ীদের অবদানের স্বীকৃতি ও তাঁদের উৎসাহিত করতেই শুভেচ্ছা কার্ড পাঠানো হয়েছে। আমি আশা করি, ব্যবসায়ী, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় লালপুর বাজারের এ সুন্দর পরিবেশ স্থায়ী হবে এবং বাজারটি একটি আধুনিক ও আদর্শ বাজার হিসেবে গড়ে উঠবে।’
স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত তদারকি, প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা ও ব্যবসায়ীদের সহযোগিতায় লালপুর বাজারের এ পরিবর্তন স্থায়ী রূপ পাবে। তাঁদের মতে, একটি আদর্শ বাজার গড়ে তোলা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ নাগরিক-সবার সম্মিলিত দায়িত্ব।