নিজস্ব প্রতিবেদক।। নাটোরের লালপুরে সাপের কামড়ে নূর মোহাম্মদ নূরা (৫৯) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে ২০২৬) সন্ধ্যা সোয়া ৬টার সময় রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নূর মোহাম্মদ একই উপজেলার নাগশোষা গ্রামের মৃত আজিমুদ্দিন মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর পদ্মা নদীর চরে ফজলুর রহমানের জমিতে কাজ করতে যান নূর মোহাম্মদ। কাজ করার সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এসময় তার সাথে থাকা অন্যান্য দিনমজুররা তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদনায়: আ.স/ প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক।