সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

লালপুরে জুট মিলে চার ঘণ্টার তাণ্ডব, ৮৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে একটি জুট মিলে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে মিলের বিভিন্ন স্থানে তল্লাশি ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। মিল কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় প্রায় ৮৩ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
শনিবার (৩০ মে) গভীর রাতে উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলস-এ এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রায় ৩৫ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল মিলে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে লুটপাট চালিয়ে একটি ট্রাকে মালামাল তুলে নিয়ে যায়।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে মুখোশ ও মাস্ক পরিহিত ডাকাতরা মিলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে নেয়। পরে পুরুষ ও নারী কর্মীদের আলাদা কক্ষে আটকে রেখে হাত-পা বেঁধে ফেলে এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এরপর ডাকাতরা মিলের গুদাম, সাব-স্টেশন ও বিভিন্ন যন্ত্রপাতি সংরক্ষণাগারে তাণ্ডব চালায়। মিল কর্তৃপক্ষের অভিযোগ, লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি ৬৩০ কেভিএ ট্রান্সফরমার, সাব-স্টেশনের মূল্যবান যন্ত্রাংশ, বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার, চারটি ব্যাটারি, ১৫টি ২৫ হর্স পাওয়ার মোটর এবং বিভিন্ন খুচরা যন্ত্রাংশ। পাশাপাশি কর্মচারীদের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারও নিয়ে যায় তারা।
ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ডাকাতরা লুট করা মালামাল একটি ট্রাকে তুলে ঘটনাস্থল ত্যাগ করে। পরে কর্মচারীরা নিজেদের বাঁধন খুলে বিষয়টি মিল কর্তৃপক্ষকে জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে।
জুট মিলের স্বত্বাধিকারী সাজিদ মল্লিক বলেন, “এ ধরনের ঘটনায় আমরা চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছি। দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।”
এ ঘটনায় রোববার (৩১ মে) সাজিদ মল্লিক বাদী হয়ে ৩৫ থেকে ৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে লালপুর থানায় ডাকাতির মামলা দায়ের করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং দেশের বিভিন্ন থানায় প্রয়োজনীয় বার্তা পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০১-০৫

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.