
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত ১০টায় লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ (পাপ্পু), লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম (রবি) এবং বণিক সমিতির নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মো. মাজদার হোসেন।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন সমিতির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান। সভায় নবগঠিত কমিটির সদস্যদের পাশাপাশি বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা অংশ নেন।
মতবিনিময় সভায় ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, শৃঙ্খলা বজায় রাখা এবং বণিক সমিতির কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, একটি ঐক্যবদ্ধ ও সক্রিয় বণিক সমিতি বাজার ব্যবস্থাপনা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য সব ধরনের বিভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে নবগঠিত কমিটির সফলতা কামনা করেন উপস্থিত অতিথিরা।
সভা পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আরিফুর ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুল জব্বার সুজন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভার শেষে লালপুর বাজারের উন্নয়নে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/২৭-০৩