
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে অবৈধভাবে জমির উপরিভাগের মাটি কেটে পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলার আড়বাব ইউনিয়নের কেশববাড়ীয়া গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার কেশববাড়ীয়া গ্রামের মো. আজিজুল ইসলামের ছেলে মো. রিয়াজুল ইসলাম (২১), বড়শেরপাড়া গ্রামের আব্দুল জাব্বারের ছেলে মো. রিফাত চৌধুরী রাজু (২২) ও আকবরপুর গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. রুবেল হোসেন বাবু (৩০)।
থানা সূত্রে জানা যায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কেশববাড়ীয়া গ্রামের মো. আজিজুল ইসলামের বাড়ির পেছনের ভিটা জমিতে অভিযান চালান। এ সময় ট্রাক্টর দিয়ে অবৈধভাবে মাটি কেটে পরিবহনের অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়।
একই সঙ্গে মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাক্টরটি জব্দ করা হয়।
এ ঘটনায় লালপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দায়ের মামলায় আটকদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে কৃষিজমি বা ভিটা জমির মাটি কাটা ও পরিবহন আইনবিরোধী কর্মকাণ্ড। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আইন অমান্য করে কেউ মাটি কাটলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।