
নিজস্ব প্রতিবেদক:
নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, আমরা কাউকে অন্যায় করতে বলি না। নিয়ম মাফিক সব কাজ চলবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি। আগামী দুই তিন মাসের মধ্যে চরের সন্ত্রাস, মাদক ও হ্যাকিং নিয়ন্ত্রণে চলে আসবে। সন্ধ্যার পরে বাচ্চাকাচ্চাদের বাবা-মার হাতে তুলে দিতে হবে। বাচ্চাদের অনুশাসন প্রচন্ড দরকার। আমরা এটার বাইরে চলে গেছি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) নাটোরের লালপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর পুতুল বলেন, পূজা সারা বাংলাদেশের একটি উৎসব। বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই।
আমরা চাই যে সবাই বাংলাদেশি হিসেবে পরিচিতি পাবে। আমরা জনগণের কাছে এমন অঙ্গীকার করে এসেছিলাম আর সেই দিকেই আমাদের সরকার এগোচ্ছে।
বিগত দিনে বিভিন্ন সময় যখন আমরা সরকারে ছিলাম না তখনো আমরা চেষ্টা করেছি এই পূজাগুলোকে সবচেয়ে বেশি আনন্দময় করার জন্য। এবারও সরকারের পক্ষ থেকে করার জন্য সরকারের যেমন পরিকল্পনা রয়েছে আমাদেরও পরিকল্পনা রয়েছে।
পরবর্তীতে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা ৪৬টি মন্দিরে প্রত্যেকটিতে ৫০০ কেজি জিআর চাউল বিতরণ করেন। সেই সাথে কাতার চ্যারিটির অনুদানে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সিএনজি, অটোরিকশা ও ক্রাশার মেশিন বিতরণ করেন।
এর আগে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলামের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ, ৩০টি মন্দিরে ডিও, কৃষকদের স্প্রে মেশিন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।