| |

বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগে ওয়ান শুটারগান, চাকু ও চাপাতি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ওয়ান শুটারগান, সুইচ গিয়ার চাকু ও চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের সিপিসি-২-এর একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১১টা ৫৫ মিনিটে পূর্ণকলস গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলে একটি কলাগাছের নিচে বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে দলটির সদস্যদের সন্দেহ হয়। পরে উপস্থিত লোকজনের সামনে ব্যাগটি তল্লাশি করে একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্রগুলো বিধি অনুযায়ী জব্দ করে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৮-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.