
নিজস্ব প্রতিবেদক।। লালপুরে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার সাদিপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার সাদিপুর মধ্যপাড়া গ্রামের মৃত আকবর আলী মালিথার ছেলে মো. ইমরান নাজির ওরফে জুয়েল (৩৩), সাদিপুর পশ্চিমপাড়া গ্রামের মো. আসলাম মণ্ডলের ছেলে মো. সোহাগ মিয়া (৩০) এবং পালিদেহা খাঁপাড়া গ্রামের মৃত লরা খানের ছেলে মো. সোহেল মাহমুদ (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সোমবার ভোরে সাদিপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ইমরান নাজির ওরফে জুয়েলের বাড়ির একটি কক্ষে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার অ্যাপের মাধ্যমে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে তিনজনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোনগুলো অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম পরিচালনার কাজে ব্যবহার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান আটক তিনজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।