
প্রেস বিজ্ঞপ্তি।।
বিচারবহির্ভূত হত্যা আইনের শাসন, মানবাধিকার ও সাংবিধানিক ন্যায়বিচারের পরিপন্থী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করার বক্তব্যে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (HRDC)।
বাংলাদেশের অতীতের গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন ও মৃত্যুর অভিজ্ঞতা বিবেচনায় এ ধরনের বক্তব্য বিচারহীনতার সংস্কৃতি পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করে। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে সুরক্ষিত আইনের আশ্রয়লাভ, জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করা রাষ্ট্রের বাধ্যবাধকতা। অপরাধের অভিযোগের নিষ্পত্তি হতে হবে আইনসম্মত তদন্ত ও স্বাধীন আদালতে বিচারের মাধ্যমে; বিচারবহির্ভূত হত্যা কোনোভাবেই আইনশৃঙ্খলা রক্ষার বৈধ পন্থা হতে পারে না।
১। এইচআরডিসি সরকারের কাছে আইজিপির বক্তব্যের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করছে।
একই সঙ্গে দীর্ঘ ১৭ বছর ধরে হয়ে আসা গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি, ভুক্তভোগী ও তাঁদের পরিবারের জন্য কার্যকর প্রতিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।
২। এইচআরডিসি আরও দাবী করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব কার্যক্রমে মানবাধিকার, জবাবদিহি এবং ভুক্তভোগীকেন্দ্রিক ও ট্রমা-সচেতন পদ্ধতি অনুসরণ করার। নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি ও পরিবারের মর্যাদা, নিরাপত্তা এবং মনোসামাজিক সেবা পুনরুদ্ধার নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব।
এইচআরডিসি এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করে, যেখানে অপরাধ দমন হবে আইনের শাসনের মাধ্যমে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নয়; যেখানে প্রতিটি মানুষের জীবন, মর্যাদা ও ন্যায়বিচারের অধিকার সুরক্ষিত থাকবে।