| |

লালপুরে জুয়া ও হ্যাকিং চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে অনলাইন জুয়া, বেটিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিংয়ের অভিযোগে পৃথক অভিযানে নয়জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। বুধবার (২৮ অক্টোবর) ভোররাতে উপজেলার তিনটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১১টি মুঠোফোন, একটি নিবন্ধনহীন মোটরসাইকেল, তিনটি সিম কার্ড ও আটটি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বুধবার রাত আড়াইটার দিকে অমৃতপাড়া গ্রামে ইয়াদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন ওই গ্রামের ইয়াদ আলীর ছেলে ফরহাদ আলী (১৯), নিয়ত আলীর ছেলে উজ্জল হোসেন (৩৩), মৃত গোলাম মোস্তফার ছেলে নাফিজ আলী (১৯), আয়েজ উদ্দিনের ছেলে রাশিদুল ইসলাম (২০) এবং গৌরীপুর গ্রামের হাসেম আলীর ছেলে কাইয়ুম আলী (২৬)। তাঁদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়।

এরপর ভোর ৪টা ২০ মিনিটে গন্ডবিল পশ্চিমপাড়ায় জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন জাহিদুল ইসলামের ছেলে নাঈম আলী (২৭), মনিহারপুর গ্রামের মৃত দুখু মিয়ার ছেলে রাজন আলী (২৫) এবং গন্ডবিল মধ্যপাড়া গ্রামের সাজদার রহমানের ছেলে রাসেল আলী (২২)। এ সময় চারটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও নিবন্ধনহীন একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলটি প্রতারণার অর্থে কেনা হয়েছে বলে তথ্য পেয়েছে পুলিশ।

অন্যদিকে, অনলাইন প্রতারণার অভিযোগে একই দিন রাত আড়াইটার দিকে মোহরকয়া গ্রামে অভিযান চালায় এসআরবি-৫। এ সময় গ্রামের নজরুল মণ্ডলের ছেলে সোহাগ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ঘর তল্লাশি করে দুটি মুঠোফোন, তিনটি সিম কার্ড ও আটটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাঁকে উদ্ধার করা মালামালসহ লালপুর থানায় হস্তান্তর করা হয় বলে এসআরবি-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ ও জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। বুধবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ছয় মাসে শতাধিক অভিযান চালিয়ে সাইবার সুরক্ষা আইনে ৩০টির বেশি মামলা করা হয়েছে। এ সময়ে প্রায় শতাধিক অনলাইন প্রতারণায় জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ / উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/২৮-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.