
নিজস্ব প্রতিবেদক:
অর্থের অভাবে যেন কোনো অসহায় ও প্যারালাইজড (পক্ষাঘাতগ্রস্ত) রোগী ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা থেকে বঞ্চিত না হন-এমন মানবিক প্রত্যয় নিয়ে নাটোরের লালপুরে যাত্রা শুরু করেছে ‘এলিট থেরাপি কেন্দ্র’। এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত এ কেন্দ্রে সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীদের বিনামূল্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা প্রদান করা হবে।
রোববার (২ নভেম্বর ২০২৬) এ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগকে এলাকার অসহায়, শারীরিক প্রতিবন্ধকতার শিকার ও দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগা মানুষের জন্য আশার আলো হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
উদ্যোক্তারা জানান, সমাজের অনেক মানুষ অর্থনৈতিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা নিতে পারেন না। বিশেষ করে প্যারালাইজড রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসন ব্যয় অনেক পরিবারের পক্ষে বহন করা কঠিন। এসব মানুষের কথা বিবেচনা করেই এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিনামূল্যে সেবা প্রদানের লক্ষ্যে এ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমে শারীরিকভাবে অসুস্থ ও সুবিধাবঞ্চিত রোগীদের সুস্থ জীবনে ফিরে আসার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন তাঁরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সীমানুর রহমান, ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক জাবের আল মাহমুদ আলভীসহ সুজন, বাপ্পি, অঞ্জন, জনি, সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আশিকুর রহমান আশিক বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য। অর্থের অভাবে কোনো রোগী যেন প্রয়োজনীয় ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘মানুষ মানুষের জন্য-এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা। আজকের একজন অসহায় মানুষ যেন আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেই প্রত্যাশায় আমরা কাজ করে যেতে চাই।’
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বালিতিতা জামে মসজিদের পেশ ইমাম মো. হাসানুজ্জামান।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, পুনর্বাসন, শিক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ লালপুরে মানবিক ও সামাজিক সেবার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন স্থানীয়রা।