
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই নারী শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজীপুর এলাকার একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইট ভাটার মালিক আবুল কাশেম বলেন, নিহত শ্রমিক এসকেন আলী ভোলা (৬০) নাটোরের বালিতিতা গ্রামের বাসিন্দা ও মৃত আদুর ছেলে। আহতরা হলেন জোতদৈবকি এলাকার ফিরোজ শেখের স্ত্রী শাপলা খাতুন (৩০) ও একই এলাকার সুফিয়া খাতুন (৫০)। আহতদের চিকিৎসা ব্যয় ইটভাটা কর্তৃপক্ষ বহন করবে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও শ্রমিকরা সিরাজীপুর এলাকার সুপার ইটভাটায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে শ্রমিকদের ওপর আঘাত হানে। এতে এসকেন আলী ভোলা গুরুতর আহত হন এবং আরও দুই নারী শ্রমিক আহত হন।
পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে সুফিয়া খাতুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে ও শাপলা খাতুনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/২২-০১