বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিগ্রি, পদমর্যাদা আর সাফল্যের আড়ালে এক মায়ের নিঃসঙ্গ মৃত্যু মিরপুরে প্রবীণ শিক্ষিকা মায়ের করুণ মৃত্যু, তদন্তে পুলিশ নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় লালপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির হিড়িক, আতঙ্কে সাধারণ মানুষ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির বিকল্প নাই —— হুইপ দুলু গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান দুলুর জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া আজ বেশি শক্তিশালী – দুলু

মিরপুরে প্রবীণ শিক্ষিকা মায়ের করুণ মৃত্যু, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে ৭৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষিকা নূর জাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহ উদ্ধারের সময় তার শরীরে পচন ও পোকার উপস্থিতির তথ্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিবেশীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় পরিচর্যা ও মানবিক যত্ন থেকে বঞ্চিত ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরপুর-৬ নম্বর সেকশনের একটি বহুতল ভবনের চতুর্থ তলায় মেয়ের সঙ্গে বসবাস করতেন নূর জাহান বেগম। গত ৩১ মে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থলে উপস্থিত পল্লবী থানার এক কর্মকর্তা জানান, ফ্ল্যাটের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। যে কক্ষে বৃদ্ধা থাকতেন, সেখানে দুর্গন্ধ ও ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিল। মরদেহের ডান চোখ ও শরীরের কিছু অংশে পোকার উপস্থিতিও দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর কয়েক দিন পর বিষয়টি জানাজানি হয়েছে।
ময়নাতদন্তের আগে সুরতহাল প্রতিবেদনে বৃদ্ধার মাথার ডান পাশে একটি আঘাতের চিহ্নও লক্ষ্য করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে আঘাতটির সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
নূর জাহান বেগমের তিন সন্তানই উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত পেশাজীবী। বড় ছেলে সরকারি উচ্চপদে কর্মরত, অপর ছেলে দেশের একটি শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মেয়ে একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষিকা। এ কারণে প্রবীণ এই নারীর মৃত্যুর ঘটনা জনমনে আরও বেশি আলোড়ন তুলেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, বৃদ্ধার মৃত্যুর পর বিষয়টি নীরবে নিষ্পত্তির চেষ্টা হয়েছিল। তবে ঘটনাস্থলে ডাকা এক নার্স পরিস্থিতিকে সন্দেহজনক মনে করে জরুরি সেবা নম্বরে যোগাযোগ করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় স্থানীয় এক বাসিন্দা পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি দাবি করেন, বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে পরিবারের সদস্যদের পক্ষ থেকে অসহযোগিতামূলক আচরণ করা হয়।
অন্যদিকে, নূর জাহান বেগমের মেয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে উল্লেখ করেছেন যে, মায়ের মৃত্যুর ঘটনায় পরিবারের কারও বিরুদ্ধে তার কোনো অভিযোগ বা সন্দেহ নেই।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান বাসির বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনাটি নিয়ে সমাজবিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, প্রবীণ বাবা-মায়ের প্রতি পারিবারিক দায়িত্ববোধের অবক্ষয় এবং ক্রমবর্ধমান আত্মকেন্দ্রিকতা সমাজের জন্য অশনিসংকেত। তারা প্রবীণদের অধিকার সুরক্ষায় বিদ্যমান আইন কার্যকর প্রয়োগ এবং পারিবারিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।
নূর জাহান বেগমের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৩-০৫

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.