
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ এর জন্য রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাজশাহী বিভাগীয় পর্যায়ের বাছাই কমিটির এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রটিতে স্বাক্ষর করেন বাছাই কমিটির সভাপতি ও রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ এবং সদস্যসচিব, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস।
এ অর্জনের খবর প্রকাশের পর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকর্মীরা আসমা শাহীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি সম্মাননাটি নাটোর জেলার সাধারণ মানুষের প্রতি উৎসর্গ করেন।
প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “প্রাথমিক শিক্ষার উন্নয়নে জেলার সংশ্লিষ্ট সকল দপ্তর, শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতার ফলেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। এ জন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আসমা শাহীন ২০২৪ সালের ৩ নভেম্বর নাটোরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের পর থেকে শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে তিনি জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, প্রাথমিক শিক্ষার প্রসার ও মানোন্নয়নে জেলা প্রশাসনের কার্যকর উদ্যোগের ধারাবাহিকতায় এ স্বীকৃতি নাটোর জেলার জন্য একটি গৌরবজনক অর্জন।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৬-০৩