| |

নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি-২০২৬ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ, সনদপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) লালপুর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এসব তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কমিটির সভাপতি গোলাম কিবরিয়া সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরীয়া পারভীন। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, পরিচালক (অর্থ) আমিনুল হক, শিক্ষা বৃত্তি কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, পরিচালক আরিফুর রহমান এবং বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফেরদৌস রহমান মনি।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণির ৫২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ৩০ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
উল্লেখ্য, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় উৎসাহিত করতে ২০১২ সাল থেকে লালপুরে নিয়মিতভাবে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৩-০৭

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.