বুধবার | ২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

২০০ মিটার স্প্রিন্টে দেশ সেরা আমান

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন নাটোরের লালপুর উপজেলার কিশোর মোহাম্মদ আমান।
রোববার (২৬ জুলাই ২০২৬) ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে ২০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে ২৩.৮৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন তিনি।
মোহাম্মদ আমান লালপুর উপজেলার রুইগাড়ী গ্রামের মো. আক্তারুজ্জামান ও রোজিনা খাতুন দম্পতির ছেলে। তিনি রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অল্প বয়সেই জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন করায় পরিবার, বিদ্যালয় এবং পুরো লালপুর উপজেলায় আনন্দের আবহ বিরাজ করছে।
আমানের এই কৃতীত্বে শিক্ষক, সহপাঠী, স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ধারাবাহিক অনুশীলন ও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনবেন।


রুইগাড়ি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাম মোস্তফা আসলাম বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এবং মানসিক দৃঢ়তা গড়ে তোলে। মাঠের খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা তৈরি করে, যা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। তিনি আরও বলেন, আমানের এই অসাধারণ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে, এবং তারা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত হবে।
রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আমানের মা রোজিনা খাতুন বলেন, বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক গোলাম মোস্তফা ইসলামের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে এর আগেও অনুর্ধ্ব-১৪ তে দেশ সেরা হয়েছিলো আমান। আমান আমাদের বিদ্যালয়ের গর্ব। তার এই অর্জন প্রমাণ করে যে, গ্রামাঞ্চলের শিক্ষার্থীরাও সুযোগ পেলে জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখতে পারে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং বিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ, দলগত চেতনা ও আত্মবিশ্বাস অর্জন করে, যা তাদের ভবিষ্যৎ জীবন গঠনে সহায়ক হয়। একই সঙ্গে এটি তাদের মাদকাসক্তি, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। তিনি আরও বলেন, আমানের এই সাফল্য নিঃসন্দেহে অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে এবং তাদেরকেও খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ বলেন, লালপুরের কৃতী সন্তান মোহাম্মদ আমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়ে পুরো উপজেলার সম্মান বৃদ্ধি করেছে। তার এই অর্জনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। ভবিষ্যতে সে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে-এমন প্রত্যাশা করছি। তার মতো প্রতিভাবান শিক্ষার্থীদের বিকাশে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.