
নিজস্ব প্রতিবেদক :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেন, বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে। বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও বাংলাদেশ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ইতিহাসের সর্বোচ্চ উন্নয়ন অর্জন করবে।
রোববার (৯ আগস্ট ২০২৬) নাটোরের লালপুর উপজেলার মোহড়কয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ মাঠে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পুতুল বলেন, বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাব অনেক দেশকে পিছিয়ে দিলেও বাংলাদেশ পরিকল্পিত পদক্ষেপ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ডক্টর মো. ইসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ।
এ ছাড়াও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার শুধু অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও সমান গুরুত্ব দিচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।