
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে হেনস্তা ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—ছাত্রদল কর্মী মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মো. মামুন আলী (২৫)।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল হৃদয় ও দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি মো. রাশিদুল ইসলাম রাশেদকে হেনস্তার অভিযোগ ওঠে ওই তিন কর্মীর বিরুদ্ধে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাহিদ হোসেন, শফিকুল ইসলাম শফিক ও মামুন আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে দলের শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ড থেকে সব পর্যায়ের নেতাকর্মীকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার ফল তৈরিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গত বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভের সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক সজিবুল হৃদয় ও রাশিদুল ইসলাম রাশেদ হেনস্তার শিকার হন।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার নাটোরে কর্মরত সাংবাদিকেরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন। কর্মসূচি থেকে ঘটনায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এর আগে ঘটনার দিন বিকেলে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়া হয়। পরদিন নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল ভুক্তভোগী সাংবাদিকদের সঙ্গে কথা বলে ঘটনার খোঁজখবর নেন এবং জড়িতদের শনাক্ত করে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৫-০১