
নিজস্ব প্রতিবেদক:
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবীর হোসেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস সুলতানা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফাইজুল ইসলাম, মোহা. গোলাম রাব্বানী, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, এস এম জিল্লুর রহমানসহ শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার সক্ষমতা নয়; বরং এটি মানুষের আত্মমর্যাদা, সচেতনতা, দক্ষতা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। সাক্ষরতার মাধ্যমে মানুষ নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সবার জন্য মানসম্মত, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সভায় বক্তারা সাক্ষরতার মাধ্যমে বৈষম্য দূর করে একটি জ্ঞানভিত্তিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যক্তি, সমাজ ও দেশের টেকসই উন্নয়নে সাক্ষরতার প্রসার আরও জোরদার করার আহ্বান জানানো হয়।