| |

শিরোনাম
বড়াইগ্রামে সালিশী বৈঠকে ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্চিত প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে একই রাতে ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে চুরির ঘটনা ঘটেছে। দুই দপ্তরের জানালার গ্রিল কেটে একটি কম্পিউটার ও একটি ল্যাপটপ নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (৪ অক্টোবর ২০২৬) সকালে বিষয়টি জানাজানি হলে বিকেলে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এ নিয়ে গত দুই বছরে উপজেলায় অন্তত ছয়টি সরকারি দপ্তরে একই কায়দায় চুরির ঘটনা ঘটল।

আড়বাব ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম মিনহাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার অফিস শেষে তিনি বাড়ি চলে যান। রোববার সকাল ৯টার দিকে অফিসে এসে দেখতে পান, জানালার গ্রিল কাটা। ভেতরে থাকা অল-ইন-ওয়ান কম্পিউটারটি নেই। বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করে লালপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অন্যদিকে আড়বাব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি গত মঙ্গলবার থেকে দুই দিনের প্রশিক্ষণে রাজশাহীতে ছিলেন। রোববার সকালে পরিষদ কার্যালয়ে এসে দেখেন, তার কক্ষের জানালার গ্রিল কাটা। ভেতর থেকে একটি ল্যাপটপ চুরি হয়েছে।
ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদ ভবনেই ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হয়। সকালে কর্মকর্তারা নিজ নিজ কক্ষ খুলে চুরির বিষয়টি দেখতে পান। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে বিষয়টি জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুই বছরে লালপুরের সরকারি দপ্তরগুলোতে একাধিক বার একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে গত নয় মাসেই পাঁচটি দপ্তরে জানালার গ্রিল কেটে কম্পিউটার চুরি হয়েছে। এর আগে ২০২৪ সালে ওয়ালিয়া ভূমি অফিসে, ২০২৫ সালের ৫ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ও চলতি বছরের ১৩ সেপ্টেম্বর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে একই কায়দায় চুরি হয়। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে কম্পিউটার ও সিসিটিভির ডিভিআরসহ সরঞ্জাম চুরি করা হয়। এরপর আড়বাব ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে চুরির ঘটনা ঘটল।

বারবার একই কায়দায় সরকারি দপ্তরে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আবীর হোসেন বলেন, একটি সংঘবদ্ধ চক্র এসব চুরির সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে। তারা বারবার একই কায়দায় সরকারি অফিস থেকে কম্পিউটার চুরি করছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ ব্যাপারে লালপুর থানার ওসি বলেন, প্রতিটি ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.