
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুর উপজেলার রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মো. আকতারুজ্জামানকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে রাধাকান্তপুর স্কুল অ্যান্ড কলেজের হল রুমে এই বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালের ধারাবাহিকতায় রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হয়ে তিনি এই সভাপতির পদ অলংকৃত করেন।
রাধাকান্তপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষানুরাগী শাহিনুর মাস্টার এবং ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যবৃন্দ। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং এলাকার গণ্যমান্য সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
শিক্ষানুরাগী মো. আকতারুজ্জামান বাঘা শাহদৌলা ডিগ্রি কলেজ থেকে স্নাতক (ডিগ্রি) পাস করেন। পরবর্তীতে সরকারি চাকরিতে যোগদান না করে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সহিত কর্মরত আছেন। শিক্ষার প্রতি বিশেষ অনুরাগের কারণে তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নবনিযুক্ত সভাপতি মো. আকতারুজ্জামান বলেন, “আমি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের শিক্ষার মানকে আরও আধুনিক ও উন্নত করতে কাজ করতে চাই। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি বিশেষ মনোযোগী হতে হবে। আমার মূল লক্ষ্য থাকবে এখানকার শিক্ষার্থীদের খেলাধুলার সঠিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা।”
মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, “সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে এই এলাকাকে সম্পূর্ণ দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। এই জন্য আমি শিক্ষক, অভিভাবক ও সুধীসমাজের পূর্ণ সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠান শেষে রাধাকান্তপুর স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে নতুন সভাপতিকে ফুলের মালা দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন অধ্যক্ষ মো. বজলুর রহমান ও উপস্থিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১-১০