
-প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাঁর ৬২তম জন্মদিনে অনুপম শুভেচ্ছা জানাচ্ছি! শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা হিসেবে পরিচিত, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান আজ দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, প্রতিকূলতা, নির্বাসিত জীবন এবং দলীয় নেতৃত্বের নানা চড়াই-উতরাই পেরিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ তাঁর রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জন্মদিনের এই শুভক্ষণে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সঙ্গে দেশের তরুণ সমাজের পক্ষ থেকে প্রত্যাশা, তাঁর নেতৃত্বে বাংলাদেশ এমন একটি রাষ্ট্রে পরিণত হবে, যেখানে মেধা ও যোগ্যতার মূল্যায়ন হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে, দুর্নীতি ও বৈষম্য কমবে এবং তরুণদের স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদী রাজনীতি এবং গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস গভীরভাবে সম্পৃক্ত। তাঁর পিতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের একজন গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব এবং বিএনপির প্রতিষ্ঠাতা। তাঁর মা বেগম খালেদা জিয়া সামরিক শাসনবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় নেতৃত্বে উঠে আসেন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য তাঁর রাজনৈতিক জীবনের প্রাথমিক ভিত্তি তৈরি করলেও জাতীয় নেতৃত্বের প্রকৃত মূল্যায়ন নির্ভর করে নিজস্ব কর্মদক্ষতা, জনসম্পৃক্ততা, দূরদর্শিতা ও রাষ্ট্র পরিচালনার সাফল্যের ওপর।
প্রধানমন্ত্রী তারেক রাজনৈতিক উত্তরাধিকার থেকে নিজস্ব নেতৃত্বের প্রতিষ্ঠাকল্পে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ১৯৮৮ সালে বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, তৃণমূল পর্যায়ে দলীয় যোগাযোগ এবং রাজনৈতিক কর্মসূচি পরিচালনার মধ্য দিয়ে তিনি দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে উঠে আসেন। ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ তাঁর রাজনৈতিক অবস্থানকে আরও সুসংহত করে।
২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার, কারাবাস এবং পরবর্তী দীর্ঘ প্রবাসজীবন তাঁর রাজনৈতিক জীবনের কঠিন অধ্যায়। বিদেশে অবস্থান করেও তিনি দলের সাংগঠনিক যোগাযোগ ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় ভূমিকা রাখেন। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন তাঁর রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে।
তবে একজন নেতার সবচেয়ে বড় পরিচয় তাঁর পারিবারিক পরিচয় পেরিয়ে নিজের কর্ম ও অর্জনের সাথে জড়িত। পিতা-মাতার রাজনৈতিক উত্তরাধিকার তাঁকে অনুপ্রেরণা দিতে পারে, কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে সফল হতে হলে তাঁকে নিজস্ব নেতৃত্বের যোগ্যতা প্রমাণ করতে হবে। জনগণ এখন তাঁর কাছে প্রতিশ্রুতির চেয়ে বাস্তব ফলাফল প্রত্যাশা করে।
আমাদের দেশের তরুণ সমাজের প্রথম প্রত্যাশা হচ্ছে, বেকারত্বের অবসান ও কর্মসংস্থান করা। বাংলাদেশের তরুণ সমাজের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব ও অনিশ্চিত কর্মজীবন। প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেও তাঁদের অনেকেই উপযুক্ত কর্মসংস্থান খুঁজে পান না। শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরির বাজারে অভিজ্ঞতার অজুহাত, নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক প্রভাব তাঁদের হতাশ করে।
প্রধানমন্ত্রী কাছে তরুণদের প্রত্যাশা, সরকারি ও বেসরকারি উভয় খাতে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে। শিল্পায়ন, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি এবং সেবা খাতে বিনিয়োগ বাড়াতে হবে। সরকারি নিয়োগে স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
শুধু সরকারি চাকরির ওপর নির্ভরশীলতা কমাতে তরুণ উদ্যোক্তা তৈরির পরিবেশ গড়ে তোলা জরুরি। সহজ শর্তে ঋণ, ব্যবসায়িক পরামর্শ, প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ ও বাজারসংযোগ নিশ্চিত করা গেলে অনেক তরুণ নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। জেলা ও উপজেলা পর্যায়ে উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা যেতে পারে। বিশেষ করে নারী ও গ্রামীণ তরুণদের জন্য আলাদা উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
তরুণ সমাজের দ্বিতীয় বড় প্রত্যাশা মানসম্মত ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা। আমাদের শিক্ষাব্যবস্থায় সনদ অর্জনের প্রবণতা বেশি হলেও বাস্তব দক্ষতা, গবেষণা, উদ্ভাবন ও সমস্যা সমাধানের সক্ষমতা তৈরিতে ঘাটতি রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পরও অনেক শিক্ষার্থী চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে প্রবেশ করতে পারেন না।
শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা এবং দেশের বাস্তব অর্থনৈতিক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কৃষি, চিকিৎসা, সামাজিক বিজ্ঞান ও মানবিক বিদ্যায়ও গবেষণার সুযোগ বাড়ানো জরুরি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা অনুদান, আধুনিক গবেষণাগার, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের বৃত্তি সম্প্রসারণ করতে হবে এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সামাজিক মর্যাদা দিতে হবে। কেবল সাধারণ ডিগ্রিনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক শিক্ষা, শিক্ষানবিশ কর্মসূচি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সংযোগ তৈরি করা প্রয়োজন।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তরুণদের অংশগ্রহণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই আন্দোলনে তরুণদের আত্মত্যাগের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্য, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক নিপীড়নমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সেজন্য তরুণদের প্রত্যাশা, চাকরি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য কিংবা সরকারি সুযোগ-সুবিধা লাভের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কোনো বিবেচ্য বিষয় হবে না। দুর্নীতি দমনে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সরকারি প্রকল্প, টেন্ডার, নিয়োগ ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিকের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমতকে সম্মান করা। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব হবে দল-মত নির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষা করা।
প্রযুক্তি ও পঞ্চম এআই সঞ্জাত শিল্পবিপ্লবে তরুণদের অংশগ্রহণ করা এখন বড় চ্যালেন্জের বিষয়। বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই সঞ্জাত) রোবোটিকস, অটোমেশন, ডেটা সায়েন্স ও ডিজিটাল অর্থনীতির দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের তরুণদের যুক্ত করতে না পারলে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তরুণদের প্রত্যাশা, প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেট, আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ এবং ডিজিটাল উদ্যোক্তা তৈরির সুযোগ সম্প্রসারিত হবে। ফ্রিল্যান্সিং, সফটওয়্যার উন্নয়ন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মার্কেটিং ও অনলাইন সেবার ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পৃক্ত করতে হবে। প্রযুক্তির অপব্যবহার, অনলাইন হয়রানি, গুজব, সাইবার অপরাধ এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেও কার্যকর ব্যবস্থা প্রয়োজন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে উত্তরণের জন্য তরুণদেরই প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রত্যাশা, নারীর শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও রাজনৈতিক অংশগ্রহণে কার্যকর অগ্রগতি ঘটবে। কর্মক্ষেত্রে যৌন হয়রানি, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা এবং নারী উদ্যোক্তাদের আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে হবে।
এ ছাড়া তরুণদের মানসিক স্বাস্থ্য, মাদকাসক্তি, কিশোর অপরাধ ও সামাজিক বিচ্ছিন্নতা মোকাবিলায় বিশেষ কর্মসূচি প্রয়োজন। প্রতিটি জেলা ও উপজেলা, ইউনিয়নে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, পাঠাগার, যুব প্রশিক্ষণকেন্দ্র এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ করা উচিত। তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে পারলে অপরাধপ্রবণতা ও মাদকাসক্তি কমানো সম্ভব।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। নদীভাঙন, বন্যা, খরা, লবণাক্ততা, তাপপ্রবাহ ও বায়ুদূষণ মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। তরুণ সমাজের প্রত্যাশা, উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু অভিযোজনকে অগ্রাধিকার দেওয়া হবে।
নবায়নযোগ্য জ্বালানি, নদী ও জলাশয় রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, নগর সবুজায়ন এবং পরিবেশবান্ধব শিল্পায়নে বিনিয়োগ বাড়াতে হবে। জলবায়ু অভিযোজনকে শুধু দুর্যোগ মোকাবিলার বিষয় হিসেবে না দেখে নতুন কর্মসংস্থান ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্র হিসেবে বিবেচনা করা প্রয়োজন। তরুণদের অংশগ্রহণে সবুজ অর্থনীতি গড়ে তোলা সম্ভব।
জাতীয় ঐক্য ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি করাও এখন বড় চ্যালেন্জের বিষয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐকমত্য গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীকে দলীয় সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে সব শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করতে হবে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। সীমান্ত হত্যা, তিস্তার পানিবণ্টন, রোহিঙ্গা প্রত্যাবাসন, বৈদেশিক বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় জাতীয় স্বার্থভিত্তিক কূটনীতি প্রয়োজন।
এবারের জন্মদিনে তরুণ সমাজের পক্ষ থেকে প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ উপহার দেবেন, যেখানে চাকরির জন্য তদবির করতে হবে না, ন্যায়বিচারের জন্য রাজনৈতিক পরিচয় প্রয়োজন হবে না, শিক্ষার ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হবে না এবং মেধাবী তরুণদের জীবিকার সন্ধানে বাধ্য হয়ে বিদেশে পাড়ি জমাতে হবে না। তরুণদের স্বপ্ন, শ্রম, মেধা ও উদ্ভাবনী শক্তিকে রাষ্ট্রের উন্নয়নের প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ হোক গণতন্ত্র, সুশাসন, মানবিকতা, সমতা ও সমৃদ্ধির দেশ। জন্মদিনের সবচেয়ে বড় উপহার হোক তরুণ প্রজন্মের জন্য আশাবাদী ভবিষ্যৎ এবং জনগণের জন্য একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার।
* প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডীন। E-mail: [email protected]