নাটোরের লালপুরে প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে প্রতারক চক্র। কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক, কখনো মোবাইল ব্যাংকিংয়ের ওটিপি হাতিয়ে নেয়া, ব্যাংক রিসিট জালিয়াতি, প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, প্রবাসীর আকামার মেয়াদ শেষ, সড়ক দুর্ঘটনা, পুলিশের হাতে আটকের ভুয়া খবর দিয়ে পরিচিত আত্মীয়-স্বজনের কাছে টাকা হাতিয়ে নেয়া, কখনো আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে টাকা দাবি, কখনো আবার মেয়ে কন্ঠে কথা বলে নগ্ন ভিডিও প্রদর্শন কিংবা পুরস্কার জয়ের মিথ্যা গল্প সাজিয়ে একেক সময় একেক রকমের কৌশল অবলম্বন করছে উপজেলার প্রতারক চক্রগুলো। এক সময় ইমু হ্যাকিংয়ের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি পেলেও এখন শুধু ইমু হ্যাকিংয়ে সীমাবদ্ধ নেই চক্রের সদস্যরা।
গত রোববার (১৫ নভেম্বর ২০২৬) লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ ফেসবুকে এক সতর্ক বার্তা দিয়ে বলেন, তার ভুয়া পরিচয় ও ছবি ব্যবহার করে “ওসি লালপুর থানা, নাটোর” নামে ফেসবুক, ইমু ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন নাম্বার থেকে বিভিন্ন লোকজনের কাছ থেকে পুলিশি বিভিন্ন বিষয়ের কথা বলে টাকা নিচ্ছে প্রতারক চক্র। এ বিষয়ে সতর্ক থাকতে সবাইকে অবগত করেন তিনি।
১’লা নভেম্বর ২০২৬ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ভুয়া পরিচয় দিয়ে অনেকের কাছে টাকা দাবি করা হয়। সন্ধ্যায় ইউএনও কাজী মো. মেশকাতুল ইসলাম এক ফেসবুক পোস্টে এ বিষয়ে সবাইকে সতর্ক করে কোন ধরনের লেনদেন না করার অনুরোধ করেন।
৭ মাস আগে রাজধানী ঢাকার বাসিন্দা এক ইতালি প্রবাসীর সঙ্গে মেয়ে কন্ঠ নকল করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন উপজেলার গন্ডবিল গ্রামের শান্ত ইসলাম। মোবাইলে অডিও কলে বিয়েও হয় তাদের। ভুয়া স্ত্রী সেজে হাতিয়ে নেন সাড়ে তিন লাখ টাকার বেশি। পরে ৭ অক্টোবর ২০২৬ পুলিশের অভিযানে শান্ত আটক হওয়ার পর বিষয়টি জানতে পারেন ওই ইতালি প্রবাসী।
গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার আলো আক্তারকে (২৮) ইমু নাম্বারে ফোন দিয়ে জানানো হয় তার স্বামী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে বাঁচাতে দ্রুত চিকিৎসার জন্য ৫ লাখ টাকা পাঠাতে বলা হয় একটি বিকাশ নাম্বারে। পরে সৌদি প্রবাসী মুসলিম মিয়ার ইমু নাম্বার হ্যাক হওয়ার বিষয়টি জানতে পারেন তার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে মুসলিম মিয়া আরও জানান, অক্টোবরের মাঝামাঝি একই গ্রামের সৌদি প্রবাসী আ. কুদ্দুসের স্ত্রীর কাছ থেকে একইভাবে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়েছে।
জানা যায়, প্রথমে বিভিন্ন অনলাইন গ্রুপ ও ফেসবুকের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে প্রতারক চক্র। পরে কৌশলে লিঙ্ক ডিভাইস, স্কিন শেয়ার, ওটিপি হাতিয়ে নিয়ে কিংবা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে প্রবাসীদের ইমু ও হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ নেয় তারা। পরে সেই আইডি ব্যবহার করে প্রবাসীদের ব্যবহৃত মোবাইল ব্যাংকিং হিসাব নম্বরের সাথে মিল রেখে নতুন অ্যাকাউন্ট খোলে প্রতারক চক্র। এরপর প্রবাসীদের পরিচিত মোবাইল ব্যাংকিং এজেন্টদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা পাঠাতে বলা হয় তাদের একাউন্টে।
আবার কখনো ইমুতে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে টাকা নেয়া হয়। পরে মেয়ে কন্ঠে কথা বলে ও নিজেকে মেয়ে হিসেবে উপস্থাপন করে মোবাইলের পেছনের ক্যামেরার মাধ্যমে আরেকটি মোবাইলে ডাউনলোড করে রাখা বিভিন্ন নগ্ন ভিডিও প্রদর্শন করে তারা। এ সময় প্রবাসীদের কাছে নগ্ন ভিডিওগুলোকে তাদের লাইভ ভিডিও হিসেবে উপস্থাপন করে। পাশাপাশি ওপর প্রান্তে থাকা ব্যক্তির ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও স্ক্রিন রেকর্ড করা হয়। পরে সেসব ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা হাতে নেয়া হয়।
এছাড়া প্রবাসীদের আকামার মেয়াদ বাড়ানো, মেয়াদ শেষ হওয়ায় পুলিশের কাছে আটক, কিংবা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।
গত ৭ মাসে এমন প্রতারক চক্রের প্রায় ১১০ জন সক্রিয় সদস্যকে আটক ও সাইবার সুরক্ষা আইনে প্রায় ৩৫ টি মামলা দায়ের করেছে লালপুর থানা পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস, ১০টি মোটরসাইকেল, ২ শতাধিক মোবাইল ও সিম কার্ড জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রের বিভিন্ন কৌশল সম্পর্কে জানা গেছে। উপজেলার বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়ন সহ আরো কয়েকটি গ্রাম ও পার্শ্ববর্তী বাঘা উপজেলার কয়েকটি গ্রামে ব্যাপক হারে প্রতারক চক্র গড়ে উঠেছে। প্রতারণা থেকে বাঁচতে ও এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনসচেতনতায় নিয়মিত কাজ করছে লালপুর থানা পুলিশ। এছাড়া প্রতারকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এ সময় তিনি পুলিশকে প্রতারক চক্রের তথ্য দিয়ে সাহায্য করার আহ্বান জানান।
প্রসঙ্গত, এভাবে প্রতারণা করে খুব কম সময়ের মধ্যে কোটিপতি বনে গেছেন অনেক কিশোর ও দিনমজুর। করেছেন বিলাসবহুল বাড়ি ও গাড়ি। যাদের নেই আয়ের দৃশ্যমান কোন উৎস। আটকের পর চক্রের সদস্যদের ছাড়াতে ও দ্রুত আদালতের জামিন পেতে গোপন সংগঠন রয়েছে তাদের। এ ছাড়া কতিপয় স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দের একটি অংশ এ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টুর পৃষ্ঠপোষকতায় ২০১৪ সাল থেকে উপজেলায় ইমু হ্যাকিং এর চক্র গড়ে ওঠার অভিযোগ রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে তিনি সাবেক এমপি আবুল কালাম আজাদকে দায়ী করেন। তবে আত্মগোপনে থাকায় এ বিষয়ে আবুল কালাম আজাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।