
নিজস্ব প্রতিবেদক:
একটি হুইলচেয়ার পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি ৭৯ বছর বয়সী খোরশেদ প্রামাণিক। দীর্ঘদিনের চলাচলের কষ্টের কথা বলতে গিয়ে বারবার মুছছিলেন চোখের পানি। অন্যদিকে, নতুন হুইলচেয়ারে বসে আনন্দে হেসে উঠছিল ১২ বছরের শিশু সোহাগ। একজনের চোখে আনন্দাশ্রু, অন্যজনের মুখে নিষ্পাপ হাসি- মানবিকতার ভিন্ন দৃশ্য।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) নাটোরের লালপুরে দুটি পরিবারের জন্য এমন আনন্দের উপলক্ষ তৈরি করেছে মেরিন ইঞ্জিনিয়ারদের একটি মানবিক উদ্যোগ।
দীর্ঘ প্রায় ২০ বছর ধরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না দিনমজুর মো. খোরশেদ প্রামাণিক। ৭৯ বছর বয়সী এই বৃদ্ধের দিন কাটে অনেকটা ঘরবন্দি অবস্থায়। দৈনন্দিন কাজ থেকে শুরু করে সামান্য পথ চলতেও অন্যের সহযোগিতা নিতে হয় তাঁকে। উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামে তাঁর হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর চলাচলের একটি অবলম্বন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। আনন্দে চোখ ভিজে আসে তাঁর। কথা বলতে গিয়ে বারবার চোখের পানি মুছতে দেখা যায় তাঁকে।
অন্যদিকে, উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া গ্রামের দিনমজুর গিয়াস উদ্দিন ও বুলবুলি বেগম দম্পতির ১২ বছর বয়সী ছেলে সোহাগের জীবনও নানা সীমাবদ্ধতায় ঘেরা। জন্মলগ্ন থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটি চলাফেরায় পরিবারের সদস্যদের ওপর নির্ভরশীল। কথা বলতে পারে না, তবে কিছুটা বুঝতে পারে। দিনের বড় একটি সময় সাউন্ড সিস্টেমের বক্সে গান শুনে কাটে তার। তাকেও দেওয়া হয় একটি হুইলচেয়ার।
নতুন হুইলচেয়ারে বসতেই আনন্দে হেসে ওঠে সোহাগ। শিশুটির সেই হাসিতে আনন্দিত হয়ে ওঠেন পরিবারের সদস্য ও উপস্থিত স্থানীয় লোকজন। এ সময় মানবিক সংগঠনটির পক্ষ থেকে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আলাউদ্দিন আলাল শিশুটির হাতে নগদ অর্থও তুলে দেন।
মানবিক সংগঠন ‘হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন ফর দ্য ওল্ড অ্যান্ড ডিস্ট্রেসড’ (HOOD)-এর অর্থায়নে হুইলচেয়ার দুটি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান, রোকেয়া কিন্ডারগার্টেন (কেজি) স্কুলের অধ্যক্ষ সাইফুল ইসলাম, কচুয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক আলাউদ্দিন এবং কাউছার আলম মুকুল প্রমুখ।
এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার মুনতাসির মামুন মিঠু ও নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিন বাবু। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংগঠনটির পক্ষ থেকে এর আগেও লালপুরের বিভিন্ন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও অসহায় বয়স্ক মানুষের চলাচলের সুবিধার্থে প্রায় ২০টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
একটি হুইলচেয়ার হয়তো জীবনের সব প্রতিবন্ধকতা দূর করতে পারে না, কিন্তু চলার পথে তৈরি করতে পারে নতুন সম্ভাবনা। খোরশেদ প্রামাণিকের আনন্দাশ্রু আর শিশু সোহাগের হাসি সেই সম্ভাবনারই প্রতিচ্ছবি। মানুষের সামর্থ্য যখন অন্য মানুষের অসহায়ত্ব লাঘবে কাজে আসে, তখন ছোট্ট একটি উদ্যোগও হয়ে ওঠে অনেক বড় প্রাপ্তি।