
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুর উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ, সার, বৃক্ষের চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরজানা শারমীন (পুতুল), এমপি। এ সময় উপজেলার ১৫টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৫ লাখ ৫ হাজার টাকার চেকও বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালপুরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু এবং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে উফসী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার এবং ১ হাজার ২০০ জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এছাড়া ১৩১টি প্রতিষ্ঠানে মোট ৩ হাজার ৮৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের পাশাপাশি জৈব সার ও বাঁশের খুঁটি সরবরাহ করা হবে।
প্রণোদনার আওতায় প্রতিটি আমন চাষী পাবেন ৫ কেজি উফসী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার। অন্যদিকে প্রতিটি শাকসবজি চাষী পাবেন ৩০০ গ্রাম শাকসবজির বীজ, ১৫ কেজি এমওপি সার এবং ১৫ কেজি ডিএপি সার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে বিতরণকৃত উপকরণের যথাযথ ব্যবহারের আহ্বান জানান।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৪-০৩