
নিজস্ব প্রতিবেদক, নাটোরের লালপুরে ‘স্মার্ট শিক্ষক ও স্মার্ট শ্রেণিকক্ষ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)’ শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, মহরকয়া, লালপুর, নাটোর-এ এক সাথে চলি, লালপুর, নাটোর-এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন দেশের অন্যতম বরেণ্য প্রশিক্ষক, গবেষক, লেখক ও বিশেষ শিক্ষা বিশেষজ্ঞ মুহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর শিক্ষাক্ষেত্রে ব্যবহার, চ্যাটজিপিটি (ChatGPT)-এর মাধ্যমে পাঠ পরিকল্পনা (Lesson Plan), প্রশ্নপত্র, ওয়ার্কশিট, শিক্ষাসামগ্রী, পাওয়ারপয়েন্ট উপস্থাপনা, সনদপত্র, পোস্টার, নোটিশ প্রণয়ন এবং স্মার্ট শ্রেণিকক্ষ পরিচালনার বিভিন্ন ব্যবহারিক কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণে কিন্ডারগার্টেন, বিশেষ শিক্ষা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ, সময় সাশ্রয়ী শিক্ষাদান পদ্ধতি, আধুনিক পাঠ পরিকল্পনা প্রণয়ন এবং প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়নের বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে এক সাথে চলি-এর সভাপতি অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সিমানুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম পিন্টু, মেরিন ইঞ্জিনিয়ার (শিপ ক্যাপ্টেন), পদ্মা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রাজিব হোসেন এবং বেগম রোকেয়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা অর্জন সময়ের অপরিহার্য দাবি। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, স্মার্ট শ্রেণিকক্ষ পরিচালনা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে ৭৩ জন অংশগ্রহণকারী শিক্ষকের হাতে সনদপত্র প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের সময়োপযোগী ও ব্যবহারিক প্রশিক্ষণের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের আয়োজনের আহ্বান জানান।