
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের গুরুদাসপুরে লিচু বাগানে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমজান আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী জয়গন বেগম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিয়াঘাট বাবলাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সমজান আলী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বিদ্যুতের তার টেনে পাশের একটি লিচু বাগানে সেচ পাম্পে সংযোগ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সমজান আলীর মৃত্যু হয়।
আহত জয়গন বেগমকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মিনহাজুল ইসলাম মিলন জানান, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত থাকলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লিচুর ভরা মৌসুমে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৩-০১