মঙ্গলবার | ১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩

১৭ বছরের ধ্বংসাবশেষ থেকে বাংলাদেশকে তুলে আনতে চাই – লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

নিজস্ব প্রতিবেদক :

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, “১৭ বছর ধরে বাংলাদেশকে যে ধ্বংসাবশেষে রূপান্তরিত করা হয়েছে, আমরা সেই ধ্বংসাবশেষ থেকে বাংলাদেশকে তুলে আনতে চাই। যদিও সেটা একদিনে সম্ভব হবে না, এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।”
রোববার (৩ মে ২০২৬) নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আড়বাব ইউনিয়নের সালামপুরে চন্দনা খাল এবং ওয়ালিয়া ইউনিয়নের খলিসাডাঙ্গা নদীর খনন কাজের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, “এই খাল খনন শুধু একটি খাল খনন নয়। এর মাধ্যমে লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নের নতুন যাত্রা শুরু হলো ইনশাল্লাহ। একটি খাল খনন মানে একটি এলাকার সামগ্রিক উন্নয়ন। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে, পানির সংকট দূর হবে এবং বৃষ্টির পানি সংরক্ষণ করা সম্ভব হবে। কৃষকদের সেচের পানির অভাবও কমে আসবে।”
তিনি আরও বলেন, “আমরা যদি সমাজকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করতে না পারি, তাহলে শুধু অবকাঠামোগত উন্নয়ন করে লাভ হবে না। যুবসমাজকে রক্ষা করতে না পারলে কোনো উন্নয়নই টেকসই হবে না।”
অভিভাবকদের প্রতি সতর্কবার্তা দিয়ে ব্যারিস্টার পুতুল বলেন, “২৩ থেকে ২৬ বছর বয়সী কোনো ছেলে যদি অস্বাভাবিকভাবে বিপুল অর্থ উপার্জন করে সম্পদ গড়ে, তাহলে পরিবারকে সচেতন হতে হবে। অবৈধ উপার্জনের পেছনে মাদক, ইমু হ্যাকিং, অনলাইন জুয়া কিংবা চাঁদাবাজির মতো অপরাধ জড়িয়ে থাকতে পারে।”
তিনি অভিযোগ করে বলেন, “লালপুরের বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নকে দেশের মানুষ ভালো কাজের জন্য নয়, বরং ইমু হ্যাকিং ও মাদকের কারণে চেনে। বাবা-মা সচেতন না হলে প্রশাসনের একার পক্ষে এসব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”
প্রতিমন্ত্রী বলেন, “লালপুর-বাগাতিপাড়ার মাটিতে এক বিন্দু অন্যায়ও সহ্য করা হবে না। চাঁদাবাজ, দখলদার, ইমু হ্যাকিং চক্র ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতোমধ্যে চিরুনি অভিযান শুরু হয়েছে। বর্তমান সরকার যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং যেকোনো মূল্যে বাংলাদেশ থেকে অন্যায় নির্মূল করে ছাড়বে ইনশাল্লাহ।”
খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি বলেন, তরুণদের খেলাধুলা ও শিক্ষার প্রতি আকৃষ্ট করতে সরকার কাজ করছে। মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থাও করা হচ্ছে।
নির্বাচনী অঙ্গীকারের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, “৩১ দফা ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা, মাদকমুক্ত সমাজ, রাস্তাঘাট উন্নয়ন ও বৃক্ষরোপণের যে অঙ্গীকার করা হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।”
তিনি জানান, লালপুরে খুব শিগগিরই সাতটি নতুন সড়কের কাজ শুরু হবে। একই সঙ্গে উন্নয়ন কাজে যেন কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের নির্মাণ না হয়, সেদিকে এলাকাবাসীকে নজর রাখার আহ্বান জানান তিনি।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৩-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.