বৃহস্পতিবার | ৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩

বড়াইগ্রামে সহায়তার হাত বাড়িয়ে অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ০৭/০৫/২৬ খ্রিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় খোলা আকাশ নিচে আর কবরের পাশে দিনাতিপাত করা অসহায় নারী রোকেয়া বেগমের পাশে সহায়তার হাত বাড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ও কর্মকর্তাগণ।
রোকেয়া বেগম বনপাড়া পৌরশহরের কাালিকাপুর গ্রামের মৃত আব্দুর রবের স্ত্রী। গত ১১ বছর ধরে স্বামীহারা এই বৃদ্ধা বিভিন্ন স্থানে অবস্থানের পর বর্তমানে তিনি পৌরশহরের প্রফেসরপাড়ায় রাস্তার ধারে একটি কবরের পাশে খোলা আকাশের নিচে দিনাতিপাত করেন। বৃষ্টি এলে পাশের বাবুল পাঠানের দোকানের বারান্দায় আশ্রয় নেন। বয়সের ভার আর ভাগ্যের নির্মমতায় এখন তিনি কেবল মৃত্যুর প্রহর গুণছেন।

স্বামী মারা যাওয়ার পর থেকেই রোকেয়া বেগমের জীবনে নেমে আসে অন্ধকারের ছায়া। মাথা গোঁজার নিজস্ব কোনো ঠাঁই নেই। রোদ-বৃষ্টি কিংবা হাড়কাঁপানো শীত সবই সইতে হয় এই খোলা আকাশের নিচে। ভালো খাবারতো দূরের কথা, অনেক দিন কেটেছে শুধু পানি পান করে। স্থানীয়দের দয়া ও সামান্য সাহায্যেই কোনোমতে টিকে আছে তার প্রাণ।

খোলা আকাশের নিচে তার বসবাসের দৃশ্য বিবেকবান মানুষকে নাড়া দেয়। বিষয়টি নজরে এলে বুধবার রোকেয়া বেগমের কাছে ছুটে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস তাকে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ, একটি হুইল চেয়ার এবং চাল সহায়তা প্রদান করেন। এছাড়া তার জন্য জায়গা নির্ধারণ করে রোকেয়া বেগমকে একটি সরকারি ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সে সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মলয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এমদাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. ইমান হোসেন খোকন।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবা: ০১৭২৮-০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.