বৃহস্পতিবার | ৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩

নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

নিজস্ব প্রতিবেদক:

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে মোহাম্মদ আলী (৩৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অটোভ্যান চালকসহ আরও চারজন।
নিহত মোহাম্মদ আলী উপজেলার আঁচলকোট গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি সিংড়া বাজারে ছাগল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে ভুল দিক দিয়ে একটি অটোভ্যান প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটির যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে ভ্যানচালক বালুভরা গ্রামের আজাহার আলীকে (৬০) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শেরকোল রানীনগর গ্রামের আফসার আলী (৪৯), আরিফ হোসেন (৩৮) এবং কুসাবাড়ি গ্রামের অটোচালক সিরাজ উদ্দিনকে (৪৫) সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সিংড়া বাসস্ট্যান্ড এলাকার মহাসড়ক ও পাশের ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশ অব্যবস্থাপনা ও দখলের কারণে যান চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ট্রাকটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৭-১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.