মঙ্গলবার | ১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩

সাস্ট ক্লাব লিমিটেড-ঢাকার নির্বাচনি তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থিদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘সাস্ট ক্লাব লিমিটেড, ঢাকা’-র ২০২৬ সালের নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) দিবাগত রাতে রাজধানীর বনানীতে অবস্থিত ক্লাবের কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় গণমাধ্যম ইন্সটিটউটের পরিচালক মো. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য সচিব ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা বারকাত হায়াত, নির্বাচন কমিশনার ও ডাচ-বাংলা ব্যাংকের এভিপি মাহবুব হাসান এবং নির্বাচন কমিশনার ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সায়েদ আব্দুল্লাহ যীশু।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল: প্রার্থিতার আবেদনপত্র সংগ্রহ ও জমা: ১৪-২২ মে ২০২৬ রাত ৮টা। ভোটার তালিকা প্রকাশ: ১৭ মে ২০২৬। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ০৩ জুন ২০২৬ রাত ৮টা। চুড়ান্ত প্রার্থি তালিকা প্রকাশ: ০৪ জুন ২০২৬ রাত ৮টা। নির্বাচনি প্রচারণার শেষ দিন: ১৭ জুন ২০২৬ রাত ১২টা। নির্বাচন অনুষ্ঠান: ১৯ জুন ২০২৬, বেলা ১১-বিকেল ৪টা, ক্লাব কার্যালয়ে।
প্রার্থিতা ফি: সভাপতি: ২০,০০০/- টাকা। সহ সভাপতি: ১৭,০০০/- টাকা। সাধারণ সম্পাদক: ১৫,০০০/- টাকা। যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ: ১০,০০০/- টাকা। সদস্য: ৮,০০০/- টাকা।
সাস্ট ক্লাব নির্বাচন ২০২৬ এর নির্বাচন কমিশনার সায়েদ আব্দুল্লাহ যীশু বলেন, এবার বিদেশে অবস্থানরত সদস্যদেরও ভোট প্রদানের ব্যবস্থা থাকবে। প্রার্থিতার আবেদনপত্র ক্লাবের ওয়েবসাইট ও অফিসিয়াল পেইজ থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। তবে জমাদানের সময় ফিসহ জমা দিতে হবে। উল্লেখ্য, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্য (ছয় জনসহ) মোট ১১টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সাস্ট ক্লাব লিঃ-এর সম্মানিত আজীবন সদস্য, সাধারন সদস্য এবং চলতি অর্থবছরের নতুন সদস্যদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে উৎসরমূখর ও অংশগ্রহণমূলক করতে কমিশন সম্ভাব্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবে। কমিশন চায় প্রতিটি পদে একাধিক প্রার্থি প্রতিদ্বন্দ্বিতা করুক। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসা একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থিদের প্রতিনিধিত্ব করুক, এমনটাই প্রত্যাশা করে কমিশন।
উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম সৃষ্টির উদ্দেশ্য নিয়ে ২০১৮ সালের ২১ এপ্রিল ‘সাস্ট ক্লাব লিমিটেড’ যাত্রা শুরু করে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.