
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে তাদের নাম ঘোষণা করেন নাটোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ সাদেকুর রহমান। এ সময় গোপালপুর পৌর মেয়র প্রার্থী হিসেবে জেলা জামায়াতের শুরা সদস্য ও সাবেক উপজেলা আমির অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের সেক্রেটারি আইনজীবী এড. মাসুদ রানা, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত নেত্রী খন্ডকার ফাতেমা খানমের নাম ঘোষণা করা হয়। এছাড়া ২নং ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান পদে গোলাম রব্বানী সুমন, ৩নং চংধুপইল ইউপি চেয়ারম্যান পদে হাসমত আলী, ৪ নং আড়বাব ইউপি চেয়ারম্যান পদে আ. রউফ, ৫ নং বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান পদে আনেজ উদ্দিন, ৬নং দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান পদে আশরাফুল ইসলাম মান্নান, ৭ নং ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান পদে ডা. কামরুজ্জামান , ৮ নং দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান পদে সাজ্জাদুর রহমান উজ্জল, ৯নং অর্জুনপুর বরমহাটি ইউপি চেয়ারম্যান পদে শরিফুল ইসলাম সোহাগ, ১০নং কদিমচিলান ইউপি চেয়ারম্যান পদে মহসিন আলমের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা কর্ম পরিষদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, নাটোর শহর নায়েবে আমির আব্দুল হান্নান, উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. মাসুদ রানা, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন সহ উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা সমর্থন পেয়েছেন তারা সবাই বর্তমানে সংশ্লিষ্ট ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ৭নং ওয়ালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সমর্থন পেয়েছেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ডা. কামরুজ্জামান। এদিকে লালপুর সদর ইউনিয়নের মনোনীত প্রার্থী আফজাল হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হওয়ায় পুনরায় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচন করা হবে বলে জানিয়েছেন দলীয় সূত্র।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৬-০২