শুক্রবার | ৫ জুন, ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জাতীয় বিতর্কের সেরা বক্তা লালপুরের নিঝুম, গর্বিত পরিবার-এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন নাটোরের লালপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী সুবহানা ইসলাম নিঝুম। বুধবার (৩ জুন ২০২৬) বিকেলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যুক্তিনির্ভর উপস্থাপনা, স্পষ্ট বক্তব্য ও চমৎকার বাগ্মিতার মাধ্যমে তিনি বিচারকদের মুগ্ধ করে এ স্বীকৃতি অর্জন করেন। জাতীয় পর্যায়ের এই সাফল্যে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত তাঁর পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং লালপুরবাসী।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুবহানা ইসলাম নিঝুম বর্তমানে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের দশম শ্রেণিতে অধ্যয়নরত। পারিবারিকভাবে সমৃদ্ধ ঐতিহ্যের ধারক নিঝুম বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের নাতনি। তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহেদ আলমের ভাতিজি এবং শিক্ষক মো. নজরুল ইসলাম শামীম ও খাজিনা খাতুন দম্পতির কন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে তাঁর সাফল্য ও অংশগ্রহণ প্রশংসিত হয়ে আসছে। নিঝুমের এই অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা দিচ্ছেন অনেকেই।
নিঝুমের গ্রাম নুরুল্লাপুরের বাসিন্দারা মনে করছেন, নিঝুমের এই কৃতিত্ব শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়। এটি পুরো লালপুর উপজেলার জন্য গর্বের বিষয়। জাতীয় পর্যায়ে এমন সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও জ্ঞানচর্চা, বিতর্কচর্চা ও নেতৃত্ব বিকাশে উৎসাহিত করবে।
নিঝুমের চাচা জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহেদ আলম ভাতিজির জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৫-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.