শুক্রবার | ১৯ জুন, ২০২৬ | ৫ আষাঢ়, ১৪৩৩

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভুটভুটির ধাক্কায় মো. জাফর (৭০) নামের এক ব্যাটারিচালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তিনি দক্ষিণ লালপুর গ্রামের মৃত রহিম শেখের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫ টার দিকে লালপুরমুখী ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে যাচ্ছিলেন জাফর। এ সময় একই দিকে যাওয়া গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত লম্বাবডির ভুটভুটি পেছন থেকে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ভুটভুটিটি জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে চালক মো. আনিসুর রহমানকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তিনি লালপুর উপজেলার ভাটপাড়া চামটিয়া গ্রামের মো. এস্কেন মণ্ডলের ছেলে।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৩-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.