
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে অবৈধভাবে আবাদি জমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রির অভিযোগে মো. রফিকুল ইসলাম (৪০) নামের এক ইটভাটা মালিক ও মো. মেহের আলী (৪০) নামের এক এক্সকাভেটর (ভেকু) চালককে আটক করেছে পুলিশ। রফিকুল ইসলাম উপজেলার মোমিনপুর গ্রামের মৃত মাওলা বক্স ও মেহের আলী মাধবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। রোববার (১৪ জুন ২০২৬) রাত প্রায় দেড় ১টার দিকে উপজেলার লালপুর সদর ইউনিয়নের মঞ্জিলপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর ও মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে টহল পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঞ্জিলপুকুর গ্রামে অভিযান চালায়। সেখানে নাজিরুল রহমান নামের স্থানীয় এক ব্যক্তির আবাদি জমি থেকে এক্সকাভেটরের মাধ্যমে টপ সয়েল কেটে বিক্রির সময় বিবিআর ইটভাটার মালিক রফিকুল ইসলাম ও ভেকু চালক মো. মেহের আলীকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২ থেকে ৩ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, আবাদি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৪-০১