
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শ্যামল কর্মকার (৫২) ও নবীর আলী (৯৪) নামে দুই পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) উভয়েই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
লালপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পালিদেহা মোড়ে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন পালিদেহা গ্রামের মৃত সুকুমার কর্মকারের ছেলে শ্যামল কর্মকার। তিনি পেশায় লোহা কামার ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে তিনি মারা যান।
একই সময় উপজেলার ভাদুর বটতলা এলাকায় একই সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন জোকাদহ গ্রামের মৃত সাজুদ্দিনের ছেলে নবীর আলী। তিনি স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, দুটি ঘটনাতেই সংশ্লিষ্ট থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ না করায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত মোটরসাইকেল ও এর আরোহীকে শনাক্তের বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৭-০২