
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে ভরাট মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর-মোহরকয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পদ্মা নদীর চর ও পাশ্ববর্তী কৃষিজমি থেকে অবৈধভাবে ভরাট মাটি কাটার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ‘ই.এস.এল.’ ইটভাটার সংলগ্ন কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সত্যতা ও সংশ্লিষ্ট আলামত পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে মো. ইদবার আলী (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
এদিকে একই দিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লালপুর ও বিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে বিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের প্রবেশগেট এলাকায় গড়ে ওঠা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, লালপুর থানা পুলিশের একটি দল এবং আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা ও ভূমি দখলের বিরুদ্ধে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/২৩-০৫