| |

হ্যাকিং চক্রের সদস্যসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে পৃথক দুটি অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংসহ অনলাইন প্রতারণা চক্রের সদস্যসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টম্বর ২০২৬) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
লালপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত পৌনে ২টার দিকে এসআই মো. মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের অমরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে একটি টিনশেড ঘর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, অমরপুর এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে মো. শাহরিয়ার নাদিম বাপ্পী (২০), রাজশাহীর বাঘা উপজেলার বারোখাদিয়া এলাকার আসাদুল ইসলামের ছেলে মো. নাহিদ হাসান জীবন (২১) এ ছাড়াও ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে।
পুলিশ জানায়, আটকৃতরা সংঘবদ্ধভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করছিল। বিশেষ করে প্রবাসীদের লক্ষ্য করে তারা এই প্রতারণা চালাত বলে অভিযোগ রয়েছে।


অন্য দিকে রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার চামটিয়া এলাকায় একটি অভিযান চালিয়ে ইকরাম হোসেনের বাড়ির সামনে থেকে চোরাই ভ্যানসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন, মো. সোহান প্রামাণিক (২২), মো. মাসুম হোসেন (২৫) ও মো. আলিফ মন্ডল (২২)। তাদের সবার বাড়ি লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকায়।
পুলিশ জানায়, তারা একটি সংঘবদ্ধ ভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য। চুরি করা ভ্যান বিভিন্ন স্থানে বিক্রির পরিকল্পনা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, এসব ঘটনায় লালপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটকৃতদের সোমবার আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.